কেপ ভার্দের স্বপ্ন যাত্রায় বাধা ঘানা

আজ শুরু হচ্ছে আফ্রিকান নেশন্স কাপের শেষ আটের লড়াই। ম্যাচে টুর্নামেন্টের আলোচিত দল কেপ ভার্দে মুখোমুখি হবে ঘানার। দিনের অন্য ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা খেলবে মালির বিপক্ষে। এ গ্রুপে মরোক্কো , অ্যাঙ্গোলাকে টপকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা কেপ ভার্দে হয়ে উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে বড় বিস্ময়। গ্রুপ পর্বে তিনটি ম্যাচের একটিও না হারা পশ্চিম আফ্রিকার এই দ্বীপ দেশটি প্রথম বারের মতো আফ্রিকান নেশন্স কাপে খেলতে এসেই সৃষ্টি করেছে ইতিহাস। যদিও শেষ গ্রুপ ম্যাচে অ্যাঙ্গোলাকে নাটকীয় ভাবে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়ার পরে দলের কোচ লুসিও অ্যান্টিউন্স সাংবাদিকদের বলেছিলেন ,‘এই টুর্নামেন্টে যে লক্ষ্য নিয়ে আমরা খেলতে এসেছিলাম তা পূরণ হয়েছে। আমরা এখন কোয়ার্টার ফাইনাল খেলছি।’ তবে কঠিন একটা পথ পাড়ি দেয়ার পরে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে থাকা ‘ব্লু শার্ক’রা নিশ্চয়ই এত সহজে শেষ করতে চাইবে না তাদের স্বপ্নযাত্রার। রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর বন্ধু কেপ ভার্দে কোচ লুসিওর দলের আজকের ম্যাচে জয়ের পথে বড় অবলম্বন হতে পারেন দলের স্ট্রাইকার লুইস সোয়ারেস এবং মিডফিল্ডার রায়ান মেন্ডেস। আর কেপ ভার্দের পথে বাধার প্রাচীর তুলতে প্রস্তুত টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ঘানা। বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। অপেক্ষাকৃত তরুণ একটা দল নিয়ে দক্ষিণ আফ্রিকায় আসলেও মাঠের পারফরম্যান্স দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে ১৯৮২ সালের পরে প্রথম বারের মতো নেশন্স কাপের শিরোপা তোলার জন্য তারা যথেষ্টই পরিপক্ব। তবে ঘানার দুশ্চিন্তার কারণ হতে পারে দলের প্রধান খেলোয়াড়দের মাঠে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারা। দলের প্রধান স্ট্রাইকার এবং অধিনায়ক আসামোয়াহ জিয়ান টুর্নামেন্টে এখনো পর্যন্ত করতে কেবল একটি ম্যাচেই গোল পেয়েছেন। তবে নাইজেরিয়ার কোচ কোয়েসি আপিয়াহ বলেছেন, ভিন্ন কথা। তিনি বলেছেন, তার দলে প্রতিটি ক্ষেত্রেই দারুণ প্রতিভাবান কিছু খেলোয়াড় আছেন । এখন শুধু তাদের জ্বলে ওঠার অপেক্ষা। প্রায় পঞ্চাশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে আজ রাত নয়টায় মুখোমুখি হবে দু’দল। দিনের অন্য ম্যাচে ডারবানের মোজেস মাধিবা স্টেডিয়ামে রাত সাড়ে বারটায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে বি গ্রুপ রানার আপ মালির। গোল ব্যবধানে কেপ ভার্দেকে পেছনে ফেলে এ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া দক্ষিণ আফ্রিকার জন্য মালির চেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে স্বাগতিক হওয়ার চাপ। দলের কোচ গর্ডন ইগসান্ডের মুখেও উঠে এসেছে সেই কথাই, ‘সত্যি বলতে কি আমরা দারুণ চাপের মধ্যে ছিলাম। আমরা যদি কোয়ার্টার ফাইনাল খেলতে না পারতাম তাহলে তা হতো দারুণ হতাশাজনক একটা ব্যাপার।’ তবে আজকের ম্যাচে বাফানা বাফানাদের মনে প্রতিশোধের আগুন জ্বেলে দিতে পারে আরেকটি তথ্য। ২০০২ সালে নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালে এই মালির কাছে হেরেই সেমিতে খেলা হয়নি তাদের। আজকের ম্যাচেও স্বাগতিকের বিরুদ্ধে কঠিন এক লড়াই উপহার দিতে চান মালির খেলোয়াড়রা। দলের প্রধান খেলোয়াড় সাবেক বার্সেলোনা তারকা সেইডু কেইটাও আছেন দারুণ ফর্মে। সব মিলিয়ে দারুণ এক ম্যাচই অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য। আজকের খেলা ঘানা - কেপ ভার্দে দক্ষিণ আফ্রিকা - মালি