রিয়াল মাদ্রিদের সামনে আজ গ্রানাডা

রিয়াল মাদ্রিদ লা লিগায় আগের দুই ম্যাচে করেছে নয় গোল। যদিও চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই হোসে মরিনহোর দল। বর্তমান চ্যাম্পিয়নরা শীর্ষে অবস্থান করা বার্সেলোনা থেকে ১৫ পয়েন্ট পেছনে। তারপরও আগের দুই ম্যাচের নৈপুণ্য তাদের অন্তত লড়াইয়ের স্বপ্ন দেখাতে পারে। এই স্বপ্ন নিয়েই লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা স্বাগতিক গ্রানাডার মুখোমুখি হবে আজ শনিবার। শিরোপা প্রত্যাশী বার্সেলোনা আগামীকাল রবিবার মুখোমুখি হবে স্বাগতিক ভ্যালেন্সিয়ার। তাদের লক্ষ্য আরো এগিয়ে যাওয়া। অ্যাতলেটিকো মাদ্রিদ রবিবার প্রতিপক্ষ হিসাবে পাচ্ছে রিয়াল বেটিসকে। রিয়াল মাদ্রিদের আপাতত লক্ষ্য পয়েন্ট ব্যবধান যতোটা সম্ভব কমানো। গত বুধবার কোপা ডে রে তে সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সান্তিয়েগো বার্নাব্যূর ক্লাবটি। এল ক্লাসিকোতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই লড়াই করেছে তারা। এই কয়েকটা ম্যাচ দিয়ে ছন্দে অন্তত ফিরতে পেরেছে রিয়াল মাদ্রিদ। যদিও মাদ্রিদের সহকারী কোচ এইটর কারাঙ্কা বলেন, ‘বার্সেলোনার সাথে আমাদের পার্থক্যটা অনেক। এবার লিগে আমরা অনেক ভুল করেছি। আর এটাই কারণ এত ব্যবধানের।’ চলতি মৌসুমে বার্সেলোনা লা লিগায় একটি ম্যাচেই হেরেছে। লা লিগায় ১৯ জানুয়ারি তারা রিয়াল সোসিদাদের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায়। কিন্তু গত সপ্তাহে নূ ক্যাম্পে ৫-১ গোলে হারায় তারা ওসাসুনাকে। এই মৌসুমে তাদের একটিই মাত্র ড্র রিয়াল মাদ্রিদের বিপক্ষে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে জয়ের ধারা ধরে রাখতে চাইবে। প্রতিপক্ষ তাদের বেটিস। চতুর্থ স্থানে থাকা স্বাগতিক মালাগার প্রতিপক্ষ রিয়াল জারাগোজা। ইদানীং ভাল খেলা রায়ো ভায়েকানো সেভিয়ায় যাবে। নতুন কোচ ইউনি এমরি এসেছেন সেভিয়ার। সেভিয়ার লক্ষ্য পয়েন্ট টেবিলে নিজেদের উন্নতি করা। তবে লা লিগায় চলতি সপ্তাহান্তের খেলা শুরুর আগে শুরু হয়েছে বর্ণবাদ নিয়ে বিতর্ক। কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার ফুটবলার দানি আলভেজ বর্ণবাদের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। রিয়াল মাদ্রিদের মাঠ বার্নাব্যূতে তিনি বর্ণবাদের শিকার হন। এ প্রসঙ্গে আলভেজ বলেন, ‘এটা একটা লজ্জার ব্যাপার। মানুষের মাঠে যাওয়া উচিত দলকে সমর্থন করতে। তার বদলে সেখানে বর্ণবাদের মত অপমানও সহ্য করতে হচ্ছে। আমি মাঠ ছাড়ার কথা চিন্তা করিনি। এটাই একমাত্র ঘটনা নয়। অনেক স্টেডিয়ামেই এটা হচ্ছে।’ লা লিগায় আজ শনিবার ওসাসুনা-সেল্টা ভিগো গেটাফে-ডিপোর্টিভো লা করুনা এস্পানিয়ল-লেভান্তে গ্রানাডা-রিয়াল মাদ্রিদ রবিবার মালাগা-রিয়াল জারাগোজা সেভিয়া-রায়ো ভায়েকানো ভ্যালেন্সিয়া-বার্সেলোনা অ্যাতলেটিকো মাদ্রিদ-রিয়াল বেটিস রিয়াল সোসিদাদ-মার্য়োকা