মনোনয়নপত্র সংগ্রহ ফি ৫০ হাজার টাকা!

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটি নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণের সময় প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা (অফেরতযোগ্য) করে ফি আদায় করা হয়েছে। সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন ওই টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া প্রার্থীদের সরবরাহ করা তালিকায় উল্লেখ করা কাউন্সিলর (ভোটার) সংখ্যার অতিরিক্ত ব্যালট পেপার তৈরি করে নির্বাচন কমিশন ভোট কারচুপির ব্যবস্থা করে রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ সেলিম এসব অভিযোগ করেন। ওই সময় সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নূরুল আমিন রাজুসহ অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। মহিউদ্দিন আহমেদ সেলিম দাবি করেন সরবরাহ করা কাউন্সিলর (ভোটার) তালিকায় ১৮৯ জনের নাম থাকলেও নির্বাচন কমিশন ২২৪টি ব্যালট পেপার তৈরি করেছে। ৩৫টি অতিরিক্ত ব্যালট পেপার তৈরি করে নির্বাচন কমিশন কারচুপির পাঁয়তারা করছেন। মনোনয়নপত্র বিক্রি করে ৫০ হাজার টাকা ফি আদায়সহ সব অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ দুলাল বলেন, ‘সুষ্ঠুভাবেই সব কিছু করা হচ্ছে, কারচুপির কোনো সুযোগ নেই।’