রংপুর সিটি মেয়রসহ ১৪ জনের নামে মামলা

রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুর মেয়র পদে শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণের যাবতীয় কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল রংপুর এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক একেএম ফজলুল হকের আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত গত বৃহস্পতিবার মেয়র ঝন্টুসহ অপর ১৩ জন বিবাদীর ওপর সমন জারিসহ ৫ মার্চ সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দেয়ার জন্য আদেশ দিয়েছে। জাতীয় পার্টির (এ) বহিষ্কৃত নেতা ও মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার দায়ের করা মামলার শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে বৃহস্পতিবার সমন জারি করে। সংশিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় পার্টির (এ) বহিষ্কৃত নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল মেয়র প্রার্থী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারসহ ১৪ জনের নামে গত ২৮ জানুয়ারি মামলা দায়ের করেন। নির্বাচনী বিরোধ মামলা শুনানির জন্য গ্রহণ, প্রতিপক্ষগণকে জানানো, ভোট সংক্রান্ত কাগজপত্র তলব, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেয়র পদে শপথ ও দায়িত্বভার গ্রহণের যাবতীয় কার্যক্রম স্থগিত, শুনানি শেষে নির্বাচিত মেয়রকে বেআইনি ঘোষণা করে মোস্তফা নির্বাচিত হয়েছেন মর্মে মামলার আরজিতে উল্লেখ করা হয়।