বন উজাড় করেও ওরা ক্ষান্ত
নয়, তারে গাছ ফেলে
ঘটাচ্ছে বিদ্যুত্ বিপর্যয়
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৮
গত বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে কাঠ পাচারকারীদের কেটে ফেলা গাছ বৈদ্যুতিক লাইনের তারে পড়ে ৫ ঘণ্টা বিদ্যুত্ বিপর্যয় ঘটে। এতে মিল-কারখানাসহ ব্যবসায়ী ও গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রকাশ্য দিবালোকে কাঠ চোরেরা গাছ কেটে ফেলায় বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুধু ঐদিন নয়, কাঠ পাচারকারীদের কাটা গাছ তারে পড়ে এই অঞ্চলে প্রায়ই বিদ্যুত্ বিপর্যয় ঘটে থাকে বলে জানা গেছে। মৌলভীবাজার পল্লী বিদ্যুত্ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসসূত্রে জানা যায়, উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী গ্যাস ফিল্ড এলাকায় কাঠ পাচারকারীদের কেটে ফেলা গাছ ৩৩ হাজার কেভি বৈদ্যুতিক লাইনে পড়ে। ফলে গোটা কমলগঞ্জ উপজেলাসহ কুলাউড়া উপজেলার একাংশে বিদ্যুত্ বিপর্যয় ঘটে। কমলগঞ্জের স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে প্রকাশ্য দিনের বেলা কাঠচোরেরা সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ চুরির ফলে একদিকে বনভূমি বিরান ভূমিতে পরিণত হবে, অন্যদিকে মিল-কারখানাসহ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি বয়ে আনবে।