হুমকির মুখে চাষাবাদ
চিতলমারীতে নদী দখল করে ভবন নির্মাণ
শেখর ভক্ত, চিতলমারী(বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৭
বাগেরহাটের চিতলমারীতে নদী দখল করে প্রভাবশালী কতিপয় লোকজন ভবনসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করছে। ফলে এলাকায় নৌ-যোগাযোগ ও চাষাবাদ হুমকির মুখে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিতলমারী সদর বাজারের সিনেমা হল সংলগ্ন মরা চিত্রা নদীর মোহনায় এলাকার কতিপয় প্রভাবশালী লোকজন ভবনসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করছে। এতে ওই নদীতে নৌ-যোগাযোগ ও পানি ওঠানামার ক্ষেত্রে দেখা দিয়েছে অচলাবস্থা। একসময়ের খরস্রোতা এই চিত্রা নদীতে বর্তমানে নাব্যতা সংকট দেখা দেয়ায় এসব অবৈধ দখলদার গ্রাস করে ফেলছে। এতে চিতলমারী সদর বাজারের সাথে নৌ-যোগাযোগ বন্ধ হবার উপক্রম। এলাকার চাষীরা জানান, গ্রাম থেকে কৃষিপণ্য আনা-নেয়ার জন্য এই নদীই একমাত্র ভরসা। এভাবে নদী দখলদারদের কবলে চলে গেলে অদূর ভবিষ্যতে নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এছাড়া সেচ মৌসুমে কৃষকরা ঠিকমত ফসলে পানি দিতে ব্যর্থ হবে। এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুলু বিলকিস বানু জানান, শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে।