জগন্নাথপুরে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৮
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী মুহিবুর রহমানসহ স্থানীয় সৌখিন ব্যক্তিদের যৌথ উদ্যোগে আয়োজিত ষাঁড়ের লড়াই বৃহস্পতিবার দিনভর বিভিন্ন প্রতিযোগী ষাঁড়ের মধ্যে লড়াই অনুষ্ঠিত হয়। ষাঁড়ের লড়াইয়ে সিলেটের বিশ্বনাথ, বালাগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন নাম দেয়া ষাঁড় ফাইভ ষ্টার, মালকুড়া, কালার চাঁন, আইরিশ, মামু-ভাগনা, কালো ভ্রমরা, লাদেন, টার্গেট, শিষনাগ, শান্তি— এ রকম হাস্য রস্য বাহারি নামের প্রায় ২শতাধিক ষাঁড় প্রতিযোগিতায় অংশ নেয়। ষাঁড়ের লড়াইয়ে অংশ নিতে বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে সৌখিন ষাঁড় মালিকদের ২/১দিন আগ থেকেই লাউতলা গ্রামে অবস্থান করতে দেখা গেছে। ঐতিহ্যবাহী গ্রামবাংলার এ ষাঁড়ের লড়াই উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে ১০ সহস্রাধিক দর্শকের সমাগম ঘটে। লড়াই শেষে আয়োজনকারীরা বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন।