মস্তিষ্ক শক্তি বৃদ্ধিতে ব্যায়াম

আমরা জেনে আসছি ব্যায়াম বা শরীর চর্চা ডায়াবেটিস, হূদরোগ ও ওজন আধিক্য কমাতে সাহায্য করে। শরীর সবল ও শক্তপেশী তৈরিতে ব্যায়ামের বিকল্প নেই। কিন্তু সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন ব্যায়াম মস্তিষ্ক শক্তি বাড়ায়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে গবেষণার পর বিজ্ঞানীরা দেখেছেন যারা প্রতিদিন অথবা সপ্তাহে পাঁচদিন ব্যায়াম বা শরীর চর্চা বা সুইমিং করেন তাদের ব্রেইন পাওয়ার বা মস্তিষ্ক শক্তি বাড়ে, মস্তিষ্ক রাখে সচল ও কর্মক্ষম। নিউরো সায়েন্টিস্ট ও ফিজিওলজিস্টগণ যৌথভাবে গবেষণা চালিয়ে শরীর চর্চার এই সুফলের কথা জানিয়েছেন। বিশেষজ্ঞগণ গবেষণায় আরো উল্লে¬খ করেন ব্যায়াম মস্তিষ্ক সচল রাখে, মস্তিষ্কের সংকোচন প্রতিরোধে সাহায্য করে, মস্তিষ্ক কোষ নিউরনকে সবল করে এবং নতুন মস্তিষ্ক কোষ তৈরিতে সাহায্য করে। নিউইয়র্ক টাইমস এই গবেষণা রিপোর্টটি সম্প্রতি প্রকাশ করেছে। এ ব্যাপারে ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড সায়েন্স এন্ড টেকনোলজির সাইকোলজির প্রফেসর জাস্টিন এস রোডস ব্যাপক গবেষণা চালিয়েছেন এবং ব্যায়ামের ফলে মস্তিষ্ক শক্তি বাড়ে এমন তথ্য দিয়েছেন। যারা নিয়মিত ব্যায়াম, হাঁটাচলা বা সুইমিং করেন তাদের মস্তিষ্কের অবস্থা নির্ণয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। শরীর চর্চার কারণে কেন ব্রেইন পাওয়ার বাড়ে এমন প্রশ্ন সম্পর্কে বিজ্ঞানীরা উল্লে¬খ করেছেন, মস্তিষ্ক শরীরের অন্যান্য অংশের মতই এক ধরনের টিসু দিয়ে তৈরি এবং এর ক্ষমতা হ্রাস পায় যখন এটা স্বল্প ব্যবহূত হয় এবং বয়স বাড়ার সাথে সাথে। বিজ্ঞানীরা দেখেছেন আমাদের বয়স যখন ২০-এর কোটায় থাকে তখন প্রতি বছর ১ শতাংশ হারে মস্তিষ্কের মেমোরি ও লানিং সেন্টার (হাইপো ক্যাম্পাস) এর ক্ষমতা কমতে থকে। আর ব্যায়াম মস্তিষ্কের এই ক্ষয় হবার গতি কমিয়ে দেয়। যদিও বিজ্ঞানীরা বহুকাল ধরে এ কথা বলে আসছেন শিশুর জন্মকালীন যে সংখ্যক মস্তিষ্ক কোষ বা নিউরন থাকে বয়স বাড়লে এর সংখ্যা একই থাকে এবং বয়সের একটা নির্দিষ্ট সময়ের পর এই মস্তিষ্ক কোষ ক্ষয় হতে থাকে। তবে বিজ্ঞানীরা সম্প্রতি এক নতুন আশার বাণী শুনিয়েছেন। আর তা হচ্ছে, শরীর চর্চা বা ব্যায়াম মস্তিষ্ক শুধু সবলই করে না মস্তিষ্কে তৈরি হতে পারে নতুন নিউরন বা মস্তিষ্ক কোষ (নিউরোজেনেসিস)। বিজ্ঞানীরা আরো উল্লে¬খ করেন তারা একদল মাইস ও র্যাটসকে কয়েক সপ্তাহ ধরে উন্মুক্ত পরিবেশে রাখেন এবং অপর দলকে আবদ্ধ স্থানে রাখা হয়। এদের মস্তিষ্ক পরীক্ষায় প্রতীয়মান হয় যে গ্রুপটি উন্মুক্ত পরিবেশে ছিলো তাদের মস্তিষ্কে (হাইপোক্যাম্পাসে) নতুন নিউরন তৈরি শুরু হয়েছে, অন্য গ্রুপের তা হয়নি। বিজ্ঞানীরা আশা করছেন, ব্যায়াম বা শরীর চর্চা মানুষকে উদ্বুদ্ধ করতে বিজ্ঞানীদের এই গবেষণা তথ্য কাজে আসবে এবং ব্রেইন পাওয়ার বাড়াতে ও মস্তিষ্ক কোষ ক্ষয়ে যাওয়ার হাত থেকে রক্ষায় সত্যিই ব্যায়াম এক অনন্য উপায়।