ফণী মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ফণীর কারণে যে কোনো দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। একই সঙ্গে ‘ফণী’র কবল থেকে মহান আল্লাহ তায়ালা যেন দেশবাসীকে রক্ষা করেন, সেজন্য আজ শুক্রবার বাদজুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন তিনি। ফণীর প্রভাবে একটা মানুষেরও প্রাণহানি ঘটতে দিতে চায় না সরকার। প্রধানমন্ত্রী ফণীর বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘ফণী’র বাংলাদেশ উপকূলে আঘাত হানার কথা রয়েছে, এই অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে আল্লাহ যেন দেশবাসীকে রক্ষা করেন, সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাদজুমা সারা দেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এদিকে রাজধানীতে আওয়ামী লীগের অফিসে মনিটরিং সেল খোলা হয়েছে। কেন্দ্রীয় নেতারা সার্বক্ষণিক উপকূলীয় এলাকায় খোঁজখবর রাখছেন।

লন্ডন পৌঁছেছেন শেখ হাসিনা

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে বুধবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডন পৌঁছেছেন। স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তাঁর সঙ্গে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মঙ্গলবার লন্ডন পৌঁছান।