পিএসএল’র জন্য ক্রিকেটার ছাড়বে না অস্ট্রেলিয়া-দ: আফ্রিকা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
আরেকটা হোঁচট খেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএল) লাহোরে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টিভিত্তিক এই টুর্নামেন্টে তাদের কোন খেলোয়াড়কে ‘অনাপত্তি’ পত্র না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জিও নিউজ টিভি চ্যানেলে প্রকাশিত খবরে বলা হয়, একটি তদন্তের পর নিরাপত্তার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের চুক্তিবদ্ধ কোন খেলোয়াড়কে পিএসএল-এ খেলতে না পাঠানোর সিদ্ধান্ত নেয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র চ্যানেলটিকে বলেন, ‘পাকিস্তানে চলমান নিরাপত্তা শংকার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশন তাদের আন্তর্জাতিক কিংবা প্রাদেশিক চুক্তিবদ্ধ কোন খেলোয়াড় পিএসএল-এ অংশ নিতে পাকিস্তান পাঠানো সমর্থন করে না।’
অস্ট্রেলিয়াই একমাত্র দল যারা নিরাপত্তার কারণে ১৯৯৮ সালের পর আর কখনো পাকিস্তান সফরে আসেনি।
এদিকে ক্রিকেট ওয়েবসাইট পাকন্যাশন ডটকম জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের কাছ থেকে একটি বিবৃতি পেয়েছে তারা। ঐ বিবৃতিতে নিজেদের কোন খেলোয়াড়কে পিএসএল-এ অংশ নিতে ‘অনাপত্তি’ পত্র দেবে না বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।
কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ক্রিকেটার্স (ফিকা) খেলোয়াড়দের পিএসএল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পিসিবি’র একজন কর্মকর্তা জানান, পিএসএল-এ পাঠাবে না— কোন বোর্ড থেকে এমন কোন বার্তা তারা পায়নি।
তিনি বলেন, ‘পাকিস্তানে খেলা নিরাপদ— এ বিষয়টি বিভিন্ন বোর্ডকে বোঝাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ বিষয়ে হারুন লরগাতও কাজ করছেন। শিগগিরই ইতিবাচক কোন ফল আসবে বলে আশা করছি।’-বাসস