চট্টগ্রামে এনবিআর চেয়ারম্যান
রাজস্ব আদায় কমলেও বেড়েছে প্রবৃদ্ধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৩
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। তবে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে পূর্বাঞ্চলীয় শুল্ক, মূসক ও আয়কর বিভাগের পর্যালোচনা সভায় এ তথ্য জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডেও (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। চট্টগ্রাম কাস্টমস হাউজে অনুষ্ঠিত এ সভায় এনবিআর চেয়ারম্যান অর্থবছরের বাকি ৫ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্মকর্তাদের বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। তিনি যে সকল সেক্টরে এখনও প্রচুর রাজস্ব বৃদ্ধির সুযোগ রয়েছে সে সকল সেক্টরকে চিহ্নিত করে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ গ্রহণেরও নির্দেশনা প্রদান করেন। প্রসঙ্গত, চলতি ২০১২-২০১৩ অর্থবছরে জাতীয় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার কোটি টাকা। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক প্রশাসন) হুসেইন আহমেদ, সদস্য (শুল্ক রপ্তানি ও বন্ড) মো. নাসির উদ্দীন, সদস্য (আয়কর) সৈয়দ মো. আমিনুল করিম, সদস্য (আয়কর) মো. শাহজাহানসহ চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কমিশনার, অতিরিক্ত কমিশনার ও জয়েন্ট কমিশনারগণ উপস্থিত ছিলেন।
সভায় মাঠ পর্যায়ের কমিশনাররা রাজস্ব আদায় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কিছু সুপারিশ করেন। এসব সুপারিশের মধ্যে রয়েছে, উচ্চতর আদালতের মামলাসমূহ নিষ্পত্তিকরণে এটর্নি জেনারেল দপ্তরের মাধ্যমে বিশেষ ব্যবস্থা গ্রহণ, অডিট কার্যক্রম জোরদার করার জন্য একাডেমিসমূহে অডিটের উপর বিশেষ প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা, মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরের জন্য জনবল নিয়োগ ও টিওএন্ডইভুক্ত বিভিন্ন যানবাহন ও অফিস সরঞ্জামাদি ক্রয়ে সরকারি অনুমোদন দ্রুততর করা।