চীনা হ্যাকারদের
কবলে ওয়াল স্ট্রিট জার্নাল
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২১
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের ওয়েবসাইট হ্যাক করেছে চীনের হ্যাকাররা। তাদের কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করতে চীনের হ্যাকাররা সক্ষম হয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকাগুলোর ওপর তাদের দ্বিতীয় আক্রমণ। খবর বিবিসির।
পত্রিকাটির প্রকাশক বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, হ্যাকাররা চীনের ওপর তৈরি প্রতিবেদনগুলো পর্যবেক্ষণের চেষ্টা চালিয়েছে। বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, আমাদের সাংবাদিক, কর্মীসহ সকলের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেব। এর আগে নিউইয়র্ক টাইমস অভিযোগ করে, চীনের হ্যাকাররা গত চার মাসে অবিরাম তাদের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছে। অবশ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লি বলেছেন, হ্যাকিংয়ের বিষয়ে কোনো শক্ত প্রমাণ ছাড়া এধরনের অভিযোগ আনা দায়িত্বজ্ঞানহীন কাজ ।