বিদায় নিলেন হিলারি

প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি ঘোষণা করতে পারেন ২০১৪ সালে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বিদায় নিলেন হিলারি রডহ্যাম ক্লিনটন। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৪ বছরের জীবনে একজন সাধারণ নাগরিকে পরিণত হবেন তিনি। তবে সমপ্রতি তিনি এক সাক্ষাত্কারে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দেয়ার পর নারীদের অধিকার নিয়ে কাজ করবেন। হিলারির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আগামী ২০১৪ সালে ঘোষণা করতে পারেন হিলারি। খবর টাইমস অব ইন্ডিয়ার। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে ক্লিনটন পরিবারের বন্ধু এবং ডেমোক্র্যাটিক পার্টির সাবেক চেয়ারম্যান এড রেন্ডেলের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা সেটি তিনি ২০১৪ সালে জানাতে পারেন। তবে সমপ্রতি সিএনএন এর সঙ্গে এক সাক্ষাত্কারে হিলারি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কোনো পরিকল্পনা তার নেই। ক্লিনটন গতকাল স্টেট ডিপার্টমেন্টের শত শত কর্মকর্তার সামনে বিদায় নেন। তার অনুসারীরা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি কমিটি গঠনের ব্যাপারেও প্রস্তুত রয়েছেন। যদি তিনি প্রেসিডেন্ট হন তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হবেন প্রথম নারী প্রেসিডেন্ট। পররাষ্ট্রমন্ত্রী পদে সফলভাবে দায়িত্ব পালনের জন্য দেশটিতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নির্বাচনে আর্থিক সংস্থানে তার শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও অনেক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অন্যতম উপদেষ্টা ডেভিড অ্যাক্সেলরড বলেন, যদি হিলারি নির্বাচনে লড়াই করেন তাহলে তিনি হবেন একজন শক্তিশালী প্রার্থী।