গুলশানে কলেজ উপাধ্যক্ষসহ জামায়াতের ৭ রোকন গ্রেফতার

রাজধানীর গুলশানে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে গোপন বৈঠক করার অভিযোগে জামায়াতে ইসলামীর ৬ রোকনসহ সাত কর্মীকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন এই স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ফখরুদ্দিন মো. কেফায়েতুল্লা (৪৮), আব্দুল মান্নান (৬০), সালেহ আহমেদ (৫৮), হেদায়েতুল্লাহ (৪৫), একেএম মোস্তাফিজুর রহমান (৫৩), সগীর আহমেদ (৩২) ও কবীর আহমেদ (৪৫)। ফখরুদ্দিন জামায়াতে ইসলামীর গুলশান থানার রোকন। বাকি ৬ জন রাজধানীর বিভিন্ন থানা জামায়াতে ইসলামীর রোকন। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ জানতে পারে যে গুলশান-১ এর ৯ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মিলনায়তনে জামায়াতের গোপন বৈঠক চলছে। এরপর দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের নামে গুলশান থানায় কোন মামলা নেই। তবে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। গুলশান থানার ওসি জানান, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রায়ই স্কুলে জামায়াতে ইসলামী বৈঠক করেন। বৈঠক না করার জন্য স্কুল কর্তৃপক্ষ ঐ উপাধ্যক্ষকে ইতিপূর্বে মৌখিকভাবে নিষেধও করে। শুক্রবার সকালে ঐ স্কুলে জামায়াতে ইসলামীর রোকনদের নিয়ে উপাধ্যক্ষ বৈঠকে বসার পর স্কুল থেকেই পুলিশের কাছে খবর দেয়া হয়। এরপর পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।