ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক

শহীদ আনোয়ার গার্লস স্কুলের শিক্ষক তারক চন্দ্র মণ্ডল বরখাস্ত

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে ঢাকা সেনানিবাসে শহীদ আনোয়ার গার্লস স্কুলের একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তারক চন্দ্র মণ্ডল নামের ওই শিক্ষক বর্তমানে পলাতক রয়েছেন। স্কুলের অধ্যক্ষ কর্নেল শাহাদাত্ হোসেন ‘ইত্তেফাক’কে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ রাজধানীর অন্যতম স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের এক ছাত্রীর অভিভাবক গত ২২ জানুয়ারি স্কুল কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেন যে, তারক চন্দ্র মণ্ডল নামে শিক্ষক বাসায় পড়াতে গিয়ে তার মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়ায় ২৭ জানুয়ারি শিক্ষককে বরখাস্ত করা হয়। এ পর্যায়ে ওই ছাত্রীর অভিভাবক যদি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নিতে চায় তাহলে স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে জানিয়ে দেয়া হয়েছে। কর্নেল শাহাদাত্ ইত্তেফাককে আরও বলেন, সামপ্রতিক সময়ে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অনৈতিক আচরণের যে খবর প্রচারিত হয়েছে, সে ব্যাপারে শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ পূর্ণ সচেতন। সে কারণেই ঘটনাটি প্রতিষ্ঠান এবং সেনানিবাসের বাইরে সংশ্লিষ্ট ছাত্রীর বাসায় সংঘটিত হলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীর নিজ প্রতিষ্ঠানের শিক্ষককে গৃহশিক্ষক হিসাবে নিয়োগ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোন কোন অভিভাবক বিষয়টি সঠিকভবে আমলে নিচ্ছেন না।