ধুনটে বিএনপি-আওয়ামী লীগ পরস্পর ধাওয়া

ধুনটে বিএনপি ও আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বিএনপি কার্যালয়, দোকাপাট ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবারের বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ধুনটে বিএনপি নেতাকর্মীরা বিকাল ৪টায় দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার প্রস্তুতি নেয়। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদেরকে ধাওয়া করে জঙ্গি মিছিল শুরু করে। বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলকারীরা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও শ্রমিক দলের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এক ঘণ্টা পর বিএনপির ছত্রভঙ্গ নেতাকর্মীরা আবার একত্রিত হয়ে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে একটি ট্রাক, তিনটি সিএনজি ও একটি ভটভটি ভাঙচুর করে। পরে সংবাদ পেয়ে উপজেলা পরিষদ রোডে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরা পুনরায় লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে জঙ্গি মিছিল শুরু করে। মিছিলকারীরা উপজেলা, পৌর বিএনপি, শ্রমিক দল কার্যালয় ও বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান এবং বিএনপির পোস্টার, ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে। আওয়ামী লীগের হামলায় বিএনপির দুইজন আহত হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেন। ঘটনার সময় ধুনট বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দোকানপাট বন্ধ করে চলে যায়। ধুনট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুই দলে উত্তেজনা বিরাজ করছে।