খালেদা জিয়া সংবিধান লংঘন করেছেন :সুরঞ্জিত

দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ কামনা করে খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি সংসদে নেয়া শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করে বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। জাতিকে অপমান করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়ার চেষ্টা করেছেন। এজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচার করা যায়। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জনতার প্রত্যাশা আয়োজিত ‘চলমান রাজনীতি: বর্তমান সরকারের অগ্রযাত্রা ও বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিদেশিদের দিয়ে নয় বরং দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান দেশেই আলোচনা করে করতে হবে। গণতন্ত্রকে হত্যা করতে বিভ্রান্তির পথ পরিহার করে জাতির কাছে ক্ষমা চান। কোনো তরিকার মাধ্যমে ক্ষমা চাইলে হবে না, নিজেকেই ক্ষমা চাইতে হবে। উল্লেখ্য, দেশের বিদ্যমান বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে গত ৩০ জানুয়ারি ‘ওয়াশিংটন টাইমস’ পত্রিকায় খালেদা জিয়া এক নিবন্ধ লিখেন। তিনি এতে সরকারের কর্মকাণ্ডে হস্তক্ষেপ, অর্থনৈতিক ও বাণিজ্য খাতে সহায়তা প্রত্যাহারের আবেদন জানান। সুরঞ্জিত সেন বলেন, ২০১৩ সালের যুদ্ধে জামায়াত পরাজিত হবে, জনগণ বিজয়ী হবে। এ বছরের মধ্যেই বিচার সম্পন্ন হবে। সভায় আরো বক্তব্য রাখেন আবাহনী লিমিটেডের পরিচালক শেখ জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জি এম আতিক প্রমুখ।