সংসদে ধড় পাঠিয়ে লাভ নেই, পুনর্নির্বাচনে অংশ নিন

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেছেন, সংসদে মাথাছাড়া ধড় পাঠিয়ে কোনো লাভ হবে না। তাই কৌশলের রাজনীতি বন্ধ করে শূন্য হওয়া আসনে পুনঃনির্বাচনের প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনিও সংসদে আসার চেষ্টা করুন। কারণ সংসদই হলো আপনাদের একমাত্র পথ। মহান মে দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আইডিইবি আয়োজিত ‘জাতীয় উন্নয়ন সমৃদ্ধির জন্য পেশাজীবী-জনতার ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, খালেদা জিয়া কারাগারে থাকুক এটা আমরাও চাই না। আদালত তাকে মুক্তি দিলে আমাদের কোনো আপত্তি থাকবে না। মোহাম্মদ নাসিম বলেন, ব্যাংকের ঋণখেলাপিদের ক্ষমা করা যাবে না। এটা জনগণের অর্থ। প্রয়োজনে আরো শক্ত হয়ে খেলাপি ঋণের অর্থ আদায় করতে হবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের সুদ হার কমিয়ে ৯ ভাগে আনার ঘোষণা দিয়েছেন। আর যারা ঋণ খেলাপি নয় তাদের সুদ দিতে হবে ১২ ভাগ। এটার প্রেক্ষিতে সবাই ঋণ খেলাপি হতে চাইবে-এটাই স্বাভাবিক। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, দেশে ৩৫ ভাগ যুবক, যারা কর্মস্থলে প্রবেশ করতে চায়। কিন্তু তারা কাজ পাচ্ছে না। ঋণ খেলাপিদের ঋণ মাফ করে দেওয়ার বিষয়টির কঠোর সমালোচনা করেন তিনি। জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, আমাদের পথ মসৃণ নয়, তবে লক্ষ্যে পৌঁছানো অসম্ভবও নয়। আওয়ামী লীগে দ্রুত শুদ্ধি অভিযান চালানোর পরামর্শ দেন তিনি। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এখনো এদেশে জঙ্গিরা ছোবল মারার চেষ্টা করছে।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।  

এদিকে মহান মে দিবস উপলক্ষে বুধবার রাজধানীর রামপুরায় ইনসাব আয়োজিত এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম।