গ্রীনব্যাংকিং কার্যক্রমে নতুন শাখা খোলার অনুমতি মিলবে : গভর্নর
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৯
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, যে ব্যাংক যত বেশী ‘সবুজ ব্যাংকিং’ করবে সেই ব্যাংক তত বেশি নতুন শাখা খোলার অনুমতি পাবে। এ কার্যক্রমের জন্য ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণের ক্ষেত্রেও কিছুটা ছাড় পাবে। সব বাণিজ্যিক ব্যাংককে সবুজ ব্যাংকিংয়ে উত্সাহিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
গতকাল রাজধানীর একটি মিলনায়তনে ‘সবুজ ব্যাংকিং : টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশের জন্য সুযোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব লিভলিউড স্টাডিজ (আইএলও) আয়োজিত এ সেমিনারে সংস্থার চেয়ারম্যান ড. হামিদুল হক সভাপতিত্ব করেন। এতে আইএলও’র সম্মানিত ফেলো ড. হারুন-অর-রশিদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এনজিও কর্মী ও ব্যাংকারা সেমিনারে অংশ নেন।
উল্লেখ্য, পরিবেশবান্ধব খাতে সহজ শর্তে ঋণ প্রদানে উত্সাহ যোগাতে ২০১১ সালে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব উত্স হতে দু’শ’ কোটি টাকার পুন:অর্থায়ন তহবিল গঠন করে। শিল্প-কারখানায় ইটিপি স্থাপনের জন্য অর্থায়ন ও ঋণপত্র খোলাকে সিএসআরভুক্ত করা হয়েছে।