নতুন অর্ডিন্যান্সে ১৬তেই ধর্ষককে প্রাপ্তবয়স্ক ধরা হবে

বাজেট অধিবেশনের আগেই অর্ডিন্যান্সজারি করে ধর্ষণ সংক্রান্ত আইন কড়া করতে চাইছে ভারত সরকার। এই অপরাধে বয়স ১৬ বছর হলেই অভিযুক্তকে প্রাপ্ত বয়স্ক বলে মনে করার প্রস্তাব রয়েছে অর্ডিন্যান্সে। খবর আনন্দবাজার পত্রিকার। মনমোহন সরকার মনে করছে, দিল্লির গণধর্ষণের ঘটনায় আমজনতার মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা প্রশমিত করতে দ্রুত আইনি ব্যবস্থা প্রয়োজন। বর্তমানে ফৌজদারি আইন সংশোধন সংক্রান্ত বিলটি সংসদীয় স্থায়ী কমিটির কাছে রয়েছে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জে এস বর্মার নেতৃত্বাধীন কমিটি ফৌজদারি আইন ও ভারতীয় দণ্ডবিধিতে যে সংশোধনের সুপারিশ করেছে, তাও স্থায়ী কমিটির কাছে পাঠানো হচ্ছে। তবে স্থায়ী কমিটির সুপারিশ আসার পরে সে সব খতিয়ে দেখে বিলে পরিবর্তন করে সংসদে পাস করাতে করাতে দেরি হয়ে যাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভয়। তাই তার আগেই অর্ডিন্যান্সজারি করে কড়া আইনের কথা ভাবা হচ্ছে। এ নিয়ে ভারতীয় মন্ত্রিসভায় আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ক্যাবিনেট নোট তৈরি করছে। নর্থ ব্লক সূত্রের খবর হচ্ছে:ধর্ষণে অভিযুক্তের নাবালকত্বের বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ বছরে নিয়ে আসার বিষয়ে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারগুলো একমত।