সিরিজে সমতা চায় ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৫
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বাজেভাবে হেরেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তাই সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ক্যারিবীয়রা। পার্থে বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ওয়ানডেতে বর্তমান সময়টা মোটেও ভালো কাটছে না অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের। সর্বশেষ সিরিজে শ্রীলংকার সাথে ২-২ ব্যবধানে ড্র করে অসিরা। আর বাংলাদেশের কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হারের তিক্ত স্বাদ পায় ক্যারিবীয়রা। তাই দু’দলই জয়ের বৃত্তে প্রবেশ করার লক্ষ্য নিয়ে এ সিরিজ খেলতে নামে। আর সেই মিশনে শুরুটা দুর্দান্তই করেছে অস্ট্রেলিয়া। পার্থে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি দাপুটে ভাবই দেখিয়েছে অসিরা। টস জিতে ব্যাটিং করার সিদ্বান্ত নেয়া ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরু থেকেই মহাবিপদে পড়ে। ১৯ রানের মধ্যে ক্যারিবীয়দের ৫ উইকেট তুলে নিয়ে দলের জয়ের পথ তৈরি করে ফেলেন অস্টে্রলিয়ার পেসাররা। ব্যাটিংয়ের শুরুতে পাওয়া প্রাথমিক ধাক্কা পরবর্তীতে আর সামলে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৭০ রানেই অলআউট হয়ে যেতে হয় তাদের। ফলে রেকর্ড বইয়ে নামও উঠে ক্যারিবীয়দের। এই স্কোর গড়ায় সর্বনিম্ন রানের তালিকায় তৃতীয়স্থান পায় ড্যারেন সামির দল। ২০ রানের ৫ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিশেল স্টার্ক। এরপর জবাব দিতে নেমে মাত্র ৫৬ বল খরচ করে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বোলাররা যেখানে জয়ের পথ তৈরি করেছেন সেখানে খুব দ্রুত দলের জয় নিশ্চিত করেন পিঞ্চ হিটার গে¬ন ম্যাক্সওয়েল। ওপেনিং-এ নেমে মাত্র ৩৫ বলে ৫১ রানের মারমুখী ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ম্যাক্সওয়েল। তাই প্রথম ম্যাচে ভালো খেলার ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখার লক্ষ্য অস্ট্রেলিয়ার।
অন্যদিকে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ শেষে তেমনটাই জানিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি, ‘সিরিজের বাকী ম্যাচগুলোয় আমাদের ভালো খেলতে হবে এবং দ্রুতই সিরিজে ফিরতে হবে। আমরা জানি আমাদের ফিরে আসার সামর্থ্য আছে। সিরিজ জয়ের সামর্থ্যও আমাদের আছে। মাত্র তো এক ম্যাচ শেষ হলো। এখনো চারটি ম্যাচ বাকী আছে।’ এখন পর্যন্ত ওয়ানডেতে ১৩১ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ৬৬টি ম্যাচে অস্ট্রেলিয়া ও ৫৯টি ম্যাচে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। আর ৩টি করে ম্যাচ হয় টাই ও পরিত্যক্ত। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ ২০১০ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজটি ৪-০ ব্যবধানে জিতেছিল অসিরা। আর সর্বশেষ ২০১২ সালে সীমিত ওভারের সিরিজে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু’দল। ওয়েস্ট ইন্ডিজের মাঠিতে অনুষ্ঠিত সেই সিরিজটি ২-২ সমতায় শেষ হয়।
অস্ট্রেলিয়া দল (সম্ভাব্য)
ফিলিপ হিউজ, অ্যারন ফিঞ্চ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), উসমান খাজা, জর্জ বেইলি, ম্যাথু ওয়াডে (উইকেটরক্ষক), গে¬ন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, মিশেল জনসন, মিশেল স্টার্ক ও ক্লিন্ট ম্যাককে।
ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য)
ক্রিস গেইল, কাইরন পাওয়েল, রামনরেশ সারওয়ান, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ড্যারেন সামি (অধিনায়ক), ডেভন থমাস (উইকেটরক্ষক), টিনো বেস্ট ও সুনীল নারাইন।