বিপরীত ধাঁচের প্রচারণায় রাহুল ও প্রিয়াঙ্কা

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী চলমান লোকসভা নির্বাচনে ভোটারদের কাছে পৌঁছতে ভিন্ন ও বিপরীত ধাঁচের প্রচারণা কৌশল গ্রহণ করেছে। নির্বাচনী প্রচারণাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারকে আক্রমণে আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন রাহুল গান্ধী। বিশেষ করে ‘রাফাল বিমান ক্রয় দুর্নীতি’কে কেন্দ্র করে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে চলেছেন তিনি। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী এ বিষয়ে তেমন কোনো মন্তব্যই করছেন না। রাহুল গান্ধী এই ইস্যুতে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী মোদিকে ‘চৌকিদার চোর’ বলে আক্রমণ করেছেন। কংগ্রস সূত্র বলছে, দলের সভাপতি হওয়ায় প্রধানমন্ত্রী মোদি ও সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান রাহুল গান্ধী নেবেন এটাই স্বাভাবিক। তার উদ্দেশ্য হলো, মোদিকে বড়লোকের প্রধানমন্ত্রী হিসেবে দেখানো। অন্যদিকে কংগ্রেস গরিবের জন্য রাজনীতি করে, তাদের ভালো চায় এটা তুলে ধরা।

অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি মোদিকে আক্রমণ করে বক্তব্য না দিয়ে বরং সরকারের অসম্পূর্ণ প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করে চলেছেন। পাকিস্তান ইস্যু ও গান্ধী পরিবারের বিরুদ্ধে মোদির বিভিন্ন বক্তব্যের পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছেন তিনি। কংগ্রেস দলীয় সূত্র জানায়, এটাই প্রিয়াঙ্কার ‘স্টাইল’। তিনি মোদির নাম না করেই সমালোচনা করবেন এবং সরাসরি কোনো বিতর্কে জড়াবেন না। তিনি সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থানের অভাব, কৃষকদের দুর্দশার মতো বিষয়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করছেন।­