কয়েকটি সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৩১
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
দেশে কয়েকটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে। শনিবার সংঘটিত এ সড়ক দুর্ঘটনার সংবাদ পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতা।
ব্রাহ্মণবাড়িয়া \ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সাতবর্গ ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। পুলিশ জানায়, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ও সিলেটগামী একটি তেলবাহী লরির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ এলাকায় সংঘর্ষ হয়। এসময় কাভার্ড ভ্যানটির পিছনে দ্রুতগামী একটি সিএনজি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। তিনি হলেন বিজয়নগর উপজেলার মানিকপুর গ্রামের মধুসুধন দাস (৩৫)। আহত সিএনজি চালক আবু বক্কর (২৫), যাত্রী আবুল হোসেন (২৬) ও মিলন মিয়াকে (৩২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ \ নওগাঁ-পত্নীতলা সড়কের মহাদেবপুর উপজেলার বাগাচারা নামক স্থানে বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুইজন ভটভটি যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় ঐ ভটভটির চালকসহ আরও ৬ জন মারাত্মক আহত হয়েছে।
নিহত দুই ভটভটি যাত্রী হলেন, নওগাঁ সদর উপজেলার কেশবপুর গ্রামের তছলিম উদ্দীন (৩০) ও আবুল হোসেন (২৫)। মহাদেবপুর থানার ওসি আব্দুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী চালক পলাতক রয়েছে।
রামু (কক্সবাজার) \ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার কলঘর বাজার স্টেশনে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ২০ জন আহত হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার কক্সবাজার সদরের ঘোনার পাড়া এলাকার মৃত দীল মোহাম্মদের পুত্র নুর মোহাম্মদকে (৩৫) আটক করেছে রামু থানা পুলিশ।
ঠাকুরগাঁও \ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় পরেশচন্দ রায় (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী অলকা রানী (৩৫) ও কন্যা টুম্পা (৪)। তাদের বাড়ি হরিপুর উপজেলার আমগাঁও গ্রামে। শুক্রবার হরিপুর-রানীশংকৈল সড়কের কামারপুকুর নামক স্থানে শিবা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী মিনিবাস পিছন থেকে বাইসাইকেলকে ধাক্কা দিলে ওই তিনজন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে পরেশচন্দ মারা যান।
ঝিকরগাছা \ উপজেলার বেনেয়ালী মোকামতলা সড়কের কামারপাড়া নামক স্থানে ট্রাক্টর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক যাত্রী যোহন বিশ্বাস (৫৫) ওরফে তারাপদ বিশ্বাস গুরুত্বর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। ময়নাতদন্ত শেষে শিমুলীয়া খ্রিস্টান পল্ল¬ী গোরস্তানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা হয়েছে।