আশুলিয়ায় গার্মেন্টসে আগুন আতঙ্কে
অর্ধ শতাধিক শ্রমিক আহত
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
সাভারের আশুলিয়ায় এনভয় গ্রুপের একটি পোশাক কারখানায় গতকাল শনিবার আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আশুলিয়ার জামগড়া এলাকার এই পোশাক কারখানায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে এলে টঙ্গি-আশুলিয়া সড়কে ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। আহতদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুপুরের খাবার বিরতির পর কারখানাতে পোশাক শ্রমিকরা আবার কাজে যোগ দেয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদী জানান, সকাল পৌনে ৮টার দিকে শ্রমিকরা কারখানায় ঢোকার সময় কেউ ৬ তলায় ফায়ার অ্যালার্মে চাপ দিলে তা বেজে ওঠে। এতে গোটা কারখানায় আগুন আতংক দেখা দেয়। শিল্প পুলিশের উপ-পরিচালক আলী আহম্মদে বলেন, আগুন আতঙ্কে প্রাণ ভয়ে হাজার হাজার পোশাক শ্রমিক হুড়োহুড়ি করে নামতে নামতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙ্গে আহতের ঘটনা ঘটে। তাদের মধ্যে বেশির ভাগই নারী শ্রমিক। নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, তাদের হাসপাতালে ৫৬ জন পোশাক শ্রমিককে চিকিত্সা দেয়া হয়েছে। এক নারী শ্রমিকের হাত ভেঙ্গে যাওয়ায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করেছে এক গার্মেন্টসের শ্রমিকরা
প্রশিক্ষিত ও দক্ষ কর্মীদের প্রচেষ্টায় নিশ্চিত অগ্নিকাণ্ড থেকে গত বুধবার রক্ষা পেয়েছে আশুলিয়ার পূর্ব নরসিংহপুরে অবস্থিত নিট এশিয়া লিমিটেড নামে একটি ৯ তলা পোশাক কারখানা। প্রতিষ্ঠানটির নিজস্ব জনবল ও ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে গোটা প্রতিষ্ঠানটি পুড়ে মর্মান্তিক দৃশ্যের সৃষ্টি হত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংশিষ্ট সূত্রে জানা গেছে, নিট এশিয়া লিমিটেডের কারখানার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের ছাত্রাবাসে গত বুধবার রাত ৯টার দিকে আগুন দেয় ওই ট্রেনিং সেন্টারের ছাত্ররা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি আসলে বিক্ষুব্ধ ছাত্ররা গাড়িটিতেও আগুন ধরিয়ে দেয়।