রূপগঞ্জে স্পিনিং মিলে আগুন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর এলাকার আবদুল্লাহ স্পিনিং মিলে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ উত্পাদিত সুতা, তুলা, শেড ও মেশিনারিজ যন্ত্রপাতি।
রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান জানান, সকাল ৭টার দিকে হঠাত্ করেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। স্পিনিং মিলের ২নং ইউনিটে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। আগুনের কারণে তাদের মধ্যে তীব্র আতংক দেখা দেয়। শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হওয়ার সময় আমেনা বেগম, নাজমা আক্তার, নিলুফার ইয়াছমিন, সখিনা বেগমসহ ৭-৮জন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরার ৩টি, হাজীগঞ্জের ২টি ও কাঞ্চন ফায়ার সার্ভিসের ১টি ইউনিট বেলা সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিল মালিক হাজী মোজাম্মেল হক ভুঁইয়া জানান, মিলের উত্পাদিত সুতা, তুলা, শেড, যন্ত্রপাতি পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
সিদ্ধিরগঞ্জে মার্কেটে আগুন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় দমকল বাহিনীর লোকজন।
জানা যায়, শুক্রবার সকালে চৌরঙ্গী মার্কেটে আগুন লাগলে দোকানীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আবুল বাশারের মালিকানাধীন বাশার স্টোর, রাসেলের কাসানিয়া টেলিকম, বিল¬াল হোসেনের বিছমিল্ল¬াহ ফুড ও আবদুল মালেকের ভাই ভাই ভ্যারাইটিজ নামক দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানীরা আগুনে তাদের ১৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।