সারাদেশে গত দু’দিনে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো আরও ১৯ জনের প্রাণ। এর মধ্যে বাগেরহাটের রামপালে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ তিনজন, রাজশাহীর বাঘায় বাস উল্টে তিনজন, সিলেটের জৈন্তাপুরে দুইজন, খুলনার ডুমুরিয়ায় দুইজন, নাটোরের বড়াইগ্রামে পৃথক দুর্ঘটনায় দুইজন, লক্ষ্মীপুরে একজন, জামালপুরের মেলান্দহে একজন, বরিশালে মাছ ব্যবসায়ী, কক্সবাজারের চকরিয়ায় পিক-আপ চালক, সাভারে গার্মেন্টস শ্রমিক এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও টাঙ্গাইলের কালিহাতীতে দুই ধানকাটা মজুর নিহত হয়েছে। এ বিষয়ে ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের খবর।
বাগেরহাট: রামপালে বৃহস্পতিবার সকালে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মাহেন্দ্র চালকসহ তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়। খুলনা-মোংলা মহাসড়কের মালিডাঙা চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন সোহাগ (৩৫) ও সঞ্জিত মণ্ডল (৫০)। এদের বাড়ি মোংলা উপজেলার চিলা গাববুনিয়া ও মাকড়ডোন এলাকায়।
রাজশাহী: বাঘা উপজেলার মীরগঞ্জ বাজারে বৃহস্পতিবার সকালে ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপারসহ তিনজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়। নিহতরা হলেন-বাসের হেলপার আবু হানিফ (২৮), যাত্রী বাঘা উপজেলার মীরগঞ্জ বান্ডাবটতলা গ্রামের মনসুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) ও হরিরামপুর দ্বারপাড়া গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী বাদল বেওয়া (৬৫)।
জৈন্তাপুর (সিলেট): সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বৈঠাখাল এলাকায় গত বুধবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়। দুপুরে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী দুটি মাইক্রোবাস প্রতিযোগিতা করে একে অপরকে অতিক্রম করতে গিয়ে ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হল উপজেলার ফুলবাড়ী গ্রামের শওকত আলীর মেয়ে লুবনা বেগম (১২) ও তার ছোট বোন অহনা বেগম (৭)। ঘটনার পর সড়ক অবরোধ করে স্থানীয় জনতা ।
ডুমুরিয়া (খুলনা): খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার দুপুরে বরাতিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য স্বপন মজুমদার (৫৫) বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বরাতিয়া বিশ্বাসবাড়ি মোড় নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। আহতাবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। অপরদিকে বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক পীর আলী গাজী (৪০) ও যাত্রী তুলসী বৈরাগী (৬৫) আহত হয়। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভ্যানচালক পীর আলী গাজী মারা যান।
বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দুজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় বনপাড়া-লালপুর সড়কের হারোয়া রহিমের বটতলা মোড়ে দুটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রাস্তায় ছিটকে পড়ে ভ্যানযাত্রী উপজেলার বাহিমালি গ্রামের মন্তাজ আলীর স্ত্রী জুলেখা বেগম (৩৬) ঘটনাস্থলেই মারা যান। এর আগে নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকার ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক উপজেলার মালিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে তারেক মারা যান।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকায় বৃহস্পতিবার সকালে দ্রুতগতির একটি ট্রাক সিএনজি অটোরিকশার স্ট্যান্ডে ঢুকে পড়লে দুখু মিয়া নামে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়। আহত হয় নুর হোসেন ও ইব্রাহিম নামে আরো দুই অটোরিকশা চালক। নিহত দুখু মিয়া রামগঞ্জ উপজেলার পদ্মাবাজার গ্রামের বাসিন্দা।
জামালপুর: মেলান্দহ উপজেলার দুরমুঠ ফুলতালায় গত বুধবার বিকালে সিএনজি-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও আহত হয় কমপক্ষে আরো ৪ জন। জামালপুর থেকে ছেড়ে আসা সিএনজি অটো ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজির যাত্রী ইসলামপুর পৌর শহরের বোয়ালমারী এলাকার সাইফুল ইসলাম (৬৫) ঘটনাস্থলেই মারা যায়।
বরিশাল: সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় মঙ্গলবার রাতে বরিশাল-ভোলা মহাসড়কে ট্রাক চাপায় হারুন হাওলাদার (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত হারুন পেশায় একজন মাছ ব্যবসায়ী ও ভোলার চরফ্যাশন উপজেলার শাহ আলম মাঝির পুত্র।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): শিবগঞ্জ উপজেলায় ভটভটি উল্টে রমজান আলী (৫০) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের বিমর্ষী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চালক শরিফুলসহ আরো কয়েকজন আহত হয়।
চকরিয়া (কক্সবাজার): কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ছগিরশাহ্কাটা দরগাগেইট এলাকায় গতকাল সৌদিয়া চেয়ারকোচের সঙ্গে আকিজ কোম্পানির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানচালক নিহত ও ৬ জন আহত হয়। নিহত চালক ফরমানের বাড়ি সাতকানিয়া উপজেলায়। পুলিশ গাড়ি দু’টিকে জব্দ করেছে।
সাভার (ঢাকা): সাভারে রাস্তা পারাপারের সময় বাস চাপায় নুরজাহান (২৯) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় আল-মুসলিম গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহানের বাড়ি গাইবান্ধা জেলায়।
কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক ধান কাটা শ্রমিক নিহত ও অন্তত ৬ জন আহত হয়। বুধবার ভোরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক কমল পাল (২৫) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গড়ধর্মপাল রাধাপাড়া গ্রামের মতিলাল পালের ছেলে।
মাধবপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
এদিকে মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় গত ২ দিনে একজন পুরুষ ও এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছে । বৃহস্পতিবার সকালে রেল স্টেশনের ১ কিলোমিটার দক্ষিণে এক্তিয়ারপুর নামক স্থানে রেল লাইনের পাশ থেকে হাবিব মিয়া (২৮) নামে একজনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। হাবিব মিয়া উপজেলার এক্তিয়ারপুর গ্রামের হিরা মিয়ার ছেলে।
অন্যদিকে বুধবার বিকালে তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত পরিচয় এক হিন্দু নারী (২০) আত্মহত্যা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সিলেটগামী জয়ন্তিকা ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই নারী। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।