বেতাগীতে নিরাপত্তাহীনতায় পীর সাহেব
বেতাগী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
বেতাগী উপজেলার প্রখ্যাত অলিয়ে কামেল আলহাজ্ব হযরত মাওলানা হাছান উদ্দিনের (রহ.) মোকামিয়া দরবার, মাদ্রাসা, মসজিদ ও দরবার শরীফের জমি -জমার কর্তৃত্ব নিয়ে অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে রুপ নিয়েছে। গত শুক্রবার জুমা বাদ দরবার শরীফের মসজিদে শত শত মুসল্লীর সামনে গদিনশান পীর মাহামুদুল হাসান ফেরদৌস নিরাপত্তাহীনতার জানান দেওয়ায় নতুন করে আবার বিরোধের আভাস পাওয়া গেছে। এসময় মুসল্লীদের উদ্দেশ্যে তিনি বলেন,দীর্ঘদিন যাবত নিরাপত্তার অভাবে মাজার জিয়ারত ও মসজিদে যেতে পারছেননা। মাদ্রাসার সিঁড়িতে দাঁড়িয়ে তাকে জিয়ারত করতে হয়। বিরোধের বিষয় নতুন নয়। ইতিপূর্বেও প্রকাশ্যে অস্ত্রের মহড়া, মারপিট ও একে অপরের বিরুদ্ধে মামলা মোকদ্দমা ঠুকে দেওয়া হয় একাধিকবার। এ ব্যাপারে গত বছরেও পীর অধ্যক্ষ মাওলানা মাহামুদুল হাসান ফেরদৌসের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।