গোলাপগঞ্জে ছাত্রদল নেতার
হত্যাকারীদের গ্রেফতারে
ব্যর্থতায় ক্ষোভ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি জসিম উদ্দিনের হত্যাকারীদের পুলিশ ধরতে ব্যর্থ হওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত জসিমের নামাজে জানাযা শুক্রবার বাদ আছর উপজেলার ফুলবাড়ি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার বিকালে জসিম উদ্দিন নিহত হওয়ার পর রাতে তার মা রাবেয়া বেগম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বিএনপি মহাসচিবের মুক্তি ও এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে উপজেলা যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে গোলাপগঞ্জে একই স্থানে যুবদলের দুই গ্রুপ জনসভা আহ্বান করে। মাইকিংকালে জসিমসহ কয়েকজন কর্মী তা বন্ধ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। প্রতিপক্ষ গ্রুপ লোহার রড দিয়ে জসিমের মাথায় আঘাত করলে তিনি নিহত হন।