মোহনপুরে এক সপ্তাহে
তিন খুন, জনমনে
আতংক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
রাজশাহীর মোহনপুর উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে তিন ব্যক্তি খুন হয়েছেন। একের পর এক খুনের ঘটনায় উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার পুলিশ উপজেলার ধুরইল ইউনিয়নের পিয়ারপুর গ্রামের আদিবাসী পাড়ার বাঁধ ব্রিজ সংলগ্ন আম বাগান থেকে ভ্যানচালক মাহাবুর রহমানের (২৮) লাশ উদ্ধার করে। তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। অন্যদিকে মঙ্গলবার রাতে স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষিকা ফরিদা বেগমকে (২৮) জবাই করে হত্যা করেছে তার স্বামী স্থানীয় মহিষকুন্ডি মাদ্রাসার শিক্ষক আক্কাস আলী (৩৫)। এনজিও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দাম্পত্য কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। এছাড়া গত ২৭ জানুয়ারি স্থানীয় কালিতলা ব্রিজের পূর্বপাশে খড়ি বিলের সরিষা ক্ষেত থেকে পুলিশ উপজেলার চকআলম গ্রামের দুখু সরদারের (৪০) লাশ উদ্ধার করে।