আদিতমারীতে আসামি ছিনতাই

ছাব্বিশ জনের নামে মামলা

গত বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আদিতমারী থানায় ২৬ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশি আতংকে রয়েছেন সেখানকার লোকজন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি গ্রামে একরামুল হকের জমির ফসল ছাগল দিয়ে খাওয়ানোকে কেন্দ করে তার স্ত্রী শাহিনা বেগমকে মারপিট করে লাঞ্ছিত করে একই এলাকার সাহানাত উল্লার ছেলে আশরাফুল ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় শাহানা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা দায়েরের পরপরই আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ছামিউল ইসলাম রাতে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় আশরাফুলের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয় ও পুলিশকে অবরুদ্ধ করে রাখে। এরপর সেখান থেকে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে অবরুদ্ধ পুলিশকে উদ্ধার করেন।