সকল শীর্ষ যুদ্ধাপরাধীর
বিচার হবে :জাবি ভিসি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। সকল শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার হবেই। হরতাল ও ধ্বংসযজ্ঞ করে বিচারকার্য বাধাগ্রস্ত করা যাবে না।’ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শিশুমেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং শিশু মেলায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আনোয়ার হোসেন এসব কথা বলেন। ড. আনোয়ার বলেন, ‘শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযমকে জিয়াউর রহমান রক্ষা করেছেন। জিয়াউর রহমানকে প্রাণে বাঁচিয়েছিলেন আমার ভাই কর্নেল তাহের। আর তাহেরকে হত্যা করেছেন জিয়াউর রহমান।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শিশুমেধা বৃত্তির ট্রাস্ট ফান্ডের চেয়্যারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে ১৮৬ শিশুকে মেধাবৃত্তি প্রদান করা হয়।