সাভারে চাঁদাবাজি করতে গিয়ে কথিত দুই মানবাধিকার কর্মী আটক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
নিজেদের কখনও সাংবাদিক কখনওবা মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে সাভারে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণা চালিয়ে আসছিল একটি প্রতারকচক্র। শুক্রবার সাভার বাজার বাসস্ট্যান্ডে ব্যবসায়ী নিউটন শিকদারের কাছ থেকে প্রতারণা করে দেড় লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয় কথিত ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম আলী আকবর নাসির ও তার সহযোগী রিয়াজ। কৌশলে এ চক্রের জাহাঙ্গীরসহ অপর ৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়। চাঁদাবাজির ঘটনায় ঐ ব্যবসায়ী রাতে সাভার থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন। মামলায় তিনি বলেন, আটকৃতরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখাত এবং দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। নইলে পত্রিকায় লিখে ও বিভিন্ন মামলায় ফাঁসিয়ে হয়রানি ও হুমকি দেয়া হয়।
সাভার থানার ওসি আসাদুজ্জামান বলেন, আটকৃতরা প্রতারকচক্রের হোতা। বিভিন্ন জায়গায় নিজেদের সাংবাদিক, মানবাধিকার কর্মী এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।