বরিশাল জেলার হিজলা উপজেলার চরকিল্লা গ্রামের দুই সন্তানের জননীকে ধর্ষণ মামলায় ব্র্যাক কর্মীকে গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্র্যাক কর্মীর নাম মিলন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ থাকায় আইনি সহয়তার জন্য হিজলা ব্র্যাক আইনি সহয়তা কেন্দ্রে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই নারী। অভিযোগের প্রেক্ষিতে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন ব্র্যাক আইনি সহায়তা কেন্দ্রের কর্মী মিলন তাকে ব্র্যাক অফিসে ক্লিনার পদে দৈনিক ২০০ টাকা হাজিরার মাধ্যমে নিয়োগ প্রদান করেন।
নিয়োগের ১০/১৫ দিন পর থেকেই মিলন তাকে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিতে থাকে। ওই নারী কু-প্রস্তাবে রাজী না হওয়ায় চাকরিচ্যুত করার হুমকি দিয়ে জোরপূর্বক ব্র্যাক অফিসের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এভাবে অনেক বার ধর্ষণের পর মিলন তাকে চাকরিচ্যুত করে বের করে দেয়।
ওই নারী অভিযোগ দায়েরের জন্য হিজলা থানা, সার্কেল ও এসপি অফিসে গেলে মিলন তাকে মোবাইলে ডেকে নিয়ে সন্ত্রাসীদের দিয়ে মারধর করে তাদের হাতে তুলে দেয়। এসময় সন্ত্রাসীরাও তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিতা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ করলে পুলিশ সুপার হিজলা থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
হিজলা থানার ওসি মাকসুদুর রহমান জানান, ওই নারী ব্র্যাক অফিসের মিলনের বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।