সিলেটে ৭ ফেব্রুয়ারি ১৪ দলের জনসভা
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের এক জনসভা আগামী ৭ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সারাদেশে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, আবুল মাল আব্দুল মুহিত এমপি, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক মো. মিজবাহউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এমএ মান্নান এমপি, ন্যাপের সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শিরিন আক্তার, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আরশ আলী, সাম্যবাদী দলের ধীরেন সিংহ, গণআজাদী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্যগণ ও ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
জনসভায় যোগদানের জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ১৪ দলের নেতা বদরউদ্দিন আহমেদ কামরান সর্বস্তরের জনগণকে অনুরোধ জানিয়েছেন।