মেলার পরিসর বৃদ্ধি করার বিকল্প নেই
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
এবার শুধু প্রকাশকদের বইমেলা হওয়ায় সন্তোষ প্রকাশ করলেন আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি। তিনি বললেন, মেলা নীতিমালা মেনে পরিচালিত হওয়াই উচিত। বাংলা একাডেমী কর্তৃপক্ষ সেই পথে ফিরে এসেছে। বারোয়ারি বইমেলাকে নীতিমালার আওতায় নিয়ে এসেছিলেন সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। সেই মেলার আবহ নষ্ট হয়ে গিয়েছিল। দেরিতে হলেও তা আবার ফিরে এসেছে।
ওসমান গনি বললেন, মেলার পরিসর বৃদ্ধি করা প্রয়োজন। এর কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলা সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাবার যে পরিকল্পনা প্রকাশ করেছেন তাকে স্বাগত জানাই। কারণ এই স্বল্প পরিসরে বই প্রদর্শন করা যায় না। পাঠকরাও মন ভরে বই দেখতে পারেন না। সোহরাওয়ার্দী উদ্যানে গেলে স্থান সংকট কেটে যাবে। প্রসঙ্গত এবারের মেলায় আগামী প্রকাশনী শতাধিক গ্রন্থ প্রকাশ করছে।