নিজেদের টাকায় দুই মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নিজস্ব অর্থায়নে আগামী দুই মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে। এ জন্য দরপত্র আহ্বান করা হবে আগামী মাসেই। গতকাল শনিবার চট্টগ্রামে ১৭তম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আন্তঃ ক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। নগরীর কাস্টমস একাডেমি মাঠে দু’দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় শুক্রবার। অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য এখনও যদি কেউ টাকা দিতে চায়, আমরা তাদের স্বাগত জানাব। তবে কেউ না এলেও ক্ষতি নেই। আমরা নিজেদের টাকায় কাজ শুরু করব। এ সিদ্ধান্ত ভাল কি মন্দ, আজ থেকে ৫০ বছর পর জনগণ তার মূল্যায়ন করবে। পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংকের অর্থায়নের প্রস্তাব প্রত্যাহার করার কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, আমাদের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ ব্যাপারে বাংলাদেশ সরকারের অবস্থান ব্যাখ্যা করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। আমরা বিশ্বব্যাংককে জানিয়ে দিয়েছি, প্রকল্প বাস্তবায়নে তাদের দেয়া সময়সূচির সাথে আমাদের সময়সূচি মিলছে না। সামনেই আমাদের জাতীয় নির্বাচন। পদ্মা সেতু নির্মাণের জন্য আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু করতে হবে। মন্ত্রী বলেন, আমরা তাদের (বিশ্বব্যাংক) অনেক সময় দিয়েছি। তারা দুর্নীতির অভিযোগ করেছিল, সেটারও তদন্ত চলছে। এখন দেখছি তাদের সঙ্গে কাজ করা সম্ভব নয়। উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণের জন্য ১২০ কোটি ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ২০১০ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করেছিল বিশ্বব্যাংক। উভয় পক্ষের মধ্যে দীর্ঘ টানাপোড়েন শেষে গত শুক্রবার বিশ্বব্যাংককে চিঠি দিয়ে পদ্মা সেতুতে অর্থায়নের প্রস্তাব প্রত্যাহার করে বাংলাদেশ সরকার। বিশ্বব্যাংকে ‘না’ বলে দেয়ায় একই দিন পৃথক বিবৃতির মাধ্যমে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। অর্থমন্ত্রী পরে কাস্টমস একাডেমির প্রশাসনিক ভবনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন, চট্টগ্রাম কাস্টমস কমিশনার ?মাসুদ সাদিক, ভ্যাট কমিশনার জামাল হোসেন, বন্ড কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া প্রমুখ।