পদ্মা সেতু প্রকল্প
থেকে জাইকাও
সরে দাঁড়াল
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০২
পদ্মা সেতুতে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংককে করা অনুরোধ ফিরিয়ে নেয়ার দুইদিন পর জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিও (জাইকা) এ প্রকল্প থেকে সরে দাঁড়াল। গতকাল শনিবার সংস্থাটির বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, একজন সহ-অর্থায়নকারী হিসেবে বর্তমান কাঠামোয় আমাদের প্রতিশ্রুতি অব্যাহত রাখা সম্ভব নয়। আমাদের নীতিতে নৈতিকতার সর্বোচ্চ মানের দরকার হয়। জাইকার বিবৃতিতে আরো বলা হয়েছে, বিশ্ব ব্যাংককে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের অনুরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত জাইকাকে জানিয়েছে বাংলাদেশ সরকার। এটা খুবই দুঃখজনক যে, বর্তমান অর্থনৈতিক কাঠামোর অধীনে তারা অগ্রসর হতে পারেনি এবং সংকট সমাধানে আমাদের পদক্ষেপ কাজে আসেনি। যদিও গত জুনে বিশ্ব ব্যাংক কর্তৃক ঋণ বাতিল করার পর আমরা বাংলাদেশ সরকার ও অন্যান্য সহ-অর্থায়নকারীদের সঙ্গে এ ব্যাপারে ঘনিষ্ঠভাবে আলোচনা করেছি। বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত অব্যাহত রাখবে।
এর আগে শুক্রবার রাতে এডিবিও পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।