রংপুর ও রাজশাহীতে কাল সকাল-সন্ধ্যা বিএনপির হরতাল

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তিসহ নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রংপুর জেলা বিএনপি। গতকাল শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মহানগরীর রংপুর-দিনাজপুর মহাসড়কের দর্শনা মোড় ও সাতমাথা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় রংপুর বিভাগের ৮ জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে নগরীর দর্শনা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচি শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক মোজাফফর হোসেন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শামসুজ্জামান সামু, যুবদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী ডন, জেলা সভাপতি জহির আলম নয়ন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিযবুল প্রমুখ। বক্তারা অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় আগামী ৪ ফেব্রুয়ারি সোমবার রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। এরপরও দাবি মেনে নেয়া না হলে লাগাতার হরতাল-অবরোধ করে রংপুর বিভাগ অচল করে দেবার ঘোষণা দেন তারা।