জাতিসংঘ পুরস্কার পেল ‘শ্যামলা বেগমের দারিদ্র্য জয়ের গল্প’
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৩
জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির বার্ষিক গল্প লেখা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে জাতিসংঘ পুরস্কার পেল বাংলাদেশের শ্যামলা বেগমের দারিদ্র্য জয়ের গল্প। রাজধানীর কাকরাইল বস্তিতে বসবাসরত হতদরিদ্র শ্যামলা বেগম দারিদ্র্যকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর কাহিনী নিয়ে যোগাযোগ বিশ্লেষক মাহতাব হায়দার ও যোগাযোগ কর্মকর্তা নাদের রহমানের যৌথভাবে লেখা এ গল্পটি জাতিসংঘের ইউএনডিপি পুরস্কার লাভ করেছে। অভাবের তাড়নায় রিকশাচালক স্বামীর হাত ধরে ঢাকায় আসলেও দ্বিতীয় কন্যা সন্তান জন্ম দেয়ায়, দুই সন্তানসহ শ্যামলা বেগমকে ফেলে রেখে চলে যায় তার স্বার্থপর স্বামী। এ অবস্থায় শ্যামলা বেগম মানসিকভাবে ভেঙ্গে না পড়ে কঠোর মনোবল নিয়ে ইউএনডিপির দারিদ্র্য দূরীকরণ প্রকল্প থেকে ঋণ নিয়ে বস্তির পাশেই একটা ছোট্ট চায়ের দোকান দেন। লাভের টাকায় একসময় দারিদ্র্যকে পরাজিত করেন অপরাজিতা শ্যামলা বেগম। পাশাপাশি চালিয়ে যান দুই সন্তানের লেখাপড়া। গল্পটি সম্পর্কে ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্ক বলেন, ‘এই গল্পটির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এবং নারী উন্নয়নে ইউএনডিপির নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা, সার্বিক সংকট মোকাবেলা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় জাতিসংঘের প্রচেষ্টার কথাও তুলে ধরেছে’। গত সোমবার মাহতাব ও নাদেরের পক্ষে ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্কের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন।