‘রোনালদোর গোলে’ ডুবল রিয়াল

ম্যাচের একমাত্র গোলটি ‘করলেন’ ক্রিস্টিয়ানো রোনালদো। তারপরও রিয়াল মাদ্রিদ ম্যাচ হেরে গেল ০-১ ব্যবধানে। কারণ রোনালদোর এই গোলটি ছিল নিজেদেরই জালে। আর পর্তুগিজ তারকার এই বিস্ময়কর আত্মঘাতি গোলে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা হেরে বসল অবনমন আতঙ্কে থাকা গ্রানাডার বিপক্ষে। গত শনিবার সফরকারী রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হেরে গেল। রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো বড় দিনের আগেই বলে দিয়েছেন, এবারের লিগ তার দলের আর জয় করা হচ্ছে না। লিগ না আশা করলেও রিয়াল অন্তত মান-সম্মানের আশাটা করতে পারত। কিন্তু এমন হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে আজ রিয়াল মাদ্রিদের ব্যবধান হয়ে যেতে পারে ১৮ পয়েন্টের; যদি গতকাল রবিবার বার্সেলোনা ভ্যালেন্সিয়াকে হারিয়ে দিতে থাকে। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ নিজের ম্যাচে কাল জয় পেলে, তারাও রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থাকবে! মানে এখন রিয়ালের পক্ষে দ্বিতীয় হওয়াও কঠিন ব্যাপার। আর সেটা হলে ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো রিয়ালকে মৌসুম শেষ করতে হবে সেরা দুইয়ের বাইরে থেকে! রোনালদোকে নিয়ে সংশয় ছিল তিনি খেলতে পারবেন কিনা। অ্যাঙ্কল ইনজুরিতে ভুগছিলেন। তারপরও মাঠে নেমেছিলেন। ম্যাচের ২২ মিনিটে গ্রানাডার একটি কর্নার তিনি হেডে নিজের জালে বল পাঠিয়ে দেন। ক্যারিয়ারে এই প্রথমবারের মত এমন তিক্ত অভিজ্ঞতার দেখা পেলেন তিনি। রিয়াল মাদ্রিদ আগের দুই লিগ ম্যাচে নয় গোল করেছিল। কোপা ডেল রে তে এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করে। এটি ছিল তাদের সর্বশেষ ম্যাচ। এ ম্যাচেও ইকার ক্যাসিয়াস ইনজুরিতে ছিলেন। মরিনহো আবারো আস্থা রাখেন দিয়েগো লোপেজে। বার্সেলোনার বিপক্ষে গোল করেছিলেন রাফায়েল ভারানে। তিনিও ছিলেন এ ম্যাচে। কিন্তু এরা কেউ নন; চমকে দিলেন আসলে পয়েন্ট টেবিলের ১৬তম দল গ্রানাডার কোচ লুকাস আলকারেজ। সম্প্রতি নিয়োগ পেয়ে খেলোয়াড়দের সাথে কয়েকটি সেশন সময় দিতে পেরেছেন মাত্র তিনি। মাদ্রিদ শুরু থেকেই ভাল বল পেয়েছে। কিন্তু ধীর গতির পাসিং ফুটবল বিপাকে ফেলেছে তাদের। এছাড়া গ্রানাডার রক্ষণভাগ দারুণ কাজ করেছে। নিষেধাজ্ঞার জন্য মাঠে ছিলেন না দারুণ ফর্মে থাকা মেসুত অজিল। রোনালদো ও অ্যাঙ্গেল ডি মারিয়াকে বেশ বেগ পেতে হয়েছে মাঝ মাঠ সামলাতে। দ্বিতীয়ার্ধে রোনালদোর গোলের একটি সুযোগ ব্যর্থ করে দেন প্রতিপক্ষ গোলরক্ষক টোনো রদ্রিগেজ। বদলি খেলোয়াড় করিম বেনজামাও শেষের দিকে গোলের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। মরিনহো ম্যাচ শেষে বলেন, ‘যখন আমরা জিতি, সবাই ভালো খেলে বলেই জিতি। হারাটাও সবার খারাপ খেলার ফল। তারপরও দায়টা কোচকেও নিতে হবে। আমি দায় নিচ্ছি। এই পরাজয় আমাকে খুবই আহত করেছে। ফলাফলের চেয়েও আমরা প্রথমার্ধে যেরকম বাজে খেলেছি; সেটাতে আমি বেশি দুঃখিত।’ শনিবারের ফল ওসাসুনা ১ সেল্টা ভিগো ০ গেটাফে ৩ ডিপোর্টিভো লা করুনা ১ এস্পানিয়ল ৩ লেভান্তে ২ গ্রানাডা ১ রিয়াল মাদ্রিদ ০