আবার হারল চেলসি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৫
ওয়েইন রুনি যে নিজেকে ভালোমতোই ফিরে পেয়েছেন, সে প্রমাণ আগের ম্যাচেই জোড়া গোল করে দিয়েছেন। শনিবার আবার দলকে এগিয়ে দিলেন গোল করে। ফ্লাড লাইট জটিলতাকে পেছনে ফেলে রুনির গোলে ভর করে এদিন তারা স্বাগতিক ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়েছে। এই জয়ে অ্যালেক্স ফার্গুসনের দল দশ পয়েন্টে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটির থেকে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছে। গতকাল রবিবার তাদের প্রতিপক্ষ ছিল লিভারপুল।
একদিকে ইউনাইটেডের জয়যাত্রা যখন অব্যাহত তখন খারাপ সময় কাটাতেই পারছে না চেলসি। নিউক্যাসলের বিপক্ষে শনিবার হেরে গেছে তারা। দিনের আরেক ম্যাচে আর্সেনাল একমাত্র গোলে হারিয়েছে স্টোক সিটিকে।
প্রথমার্ধে গোলের বেশ সুযোগ পেয়েছে ইউনাইটেড ও ফুলহ্যাম; কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। ম্যাচের ৪৩ মিনিটে স্টেডিয়ামের ফ্লাড লাইটের বাতি বন্ধ হয়ে যায় দুর্ঘটনাবশত। খেলোয়াড়রা মাঠ ছাড়েন। প্রথমার্ধের খেলা আর মাঠে গড়ায়নি। দ্বিতীয়ার্ধে খেলোয়াড়রা আলো আসলে মাঠে ফিরে আসেন।
রুনি জয়সূচক গোলটি করেন ম্যাচের ৭৯ মিনিটে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এখানে আসাটা সবসময় চ্যালেঞ্জের। তারা আমাদের জন্য খেলাটি কঠিন করে ফেলে। প্রথমার্ধে আমরা তিনবার প্রতিপক্ষের বারে বল লাগিয়েছি। তারপরও আমরা বিশ্বাস হারাইনি। আমরা জানতাম, আবারো সুযোগ তৈরি করতে পারবো।’
এর আগে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড় মউসা সিসোকোর জোড়া গোলে ভর করে নিউ ক্যাসল ৩-২ গোলে হারিয়ে দেয় চেলসিকে। অবশ্য সিসোকো জয়সূচক গোলটি পেয়েছিলেন অন্তিম মুহূর্তে। নিউ ক্যাসল ম্যাচের ৪১ মিনিটে জোনাস গুইতেরেজের গোলে এগিয়ে যায়। চেলসি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং জুয়ান মাতার গোলে ২-১ গোলে এগিয়ে গিয়েছিল; কিন্তু সিসোকো এরপর জোড়া গোল করেন।
এই হারে চেলসি দ্বিতীয়স্থানে থাকা সিটি থেকে ছয় এবং ইউনাইটেড থেকে ১৬ পয়েন্ট পেছনে পড়ে গেল। চেলসির অন্তর্বর্তীকালীন ম্যানেজার রাফায়েল বেনিতেজ বলেন, ‘এখানে অনেকগুলো ভুল হয়েছে। আমরা একটা রেড কার্ড আদায় করতে পারতাম ফ্যাবরিকো কোলোচিনির। আমাদের সুযোগ ছিল। ডেম্বা বার নাকে আঘাত লেগে রক্ত ঝড়েছে।’
আর্সেনাল বদলি খেলোয়াড় লুকাস পোডলস্কির ৭৮ মিনিটের গোলে ভর করে ১-০ ব্যবধানে হারায় স্টোকসিটিকে। ৪১ পয়েন্ট নিয়ে আর্সেন ওয়েঙ্গারের দল ছয়ে। চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাব্য জায়গার থেকে এক পয়েন্ট পেছনে তারা। এভারটন ৩-৩ গোলে ড্র করে অ্যাস্টন ভিলার বিপক্ষে। ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে এভারটন।
রিডিং ২-১ গোলে হারায় সান্দারল্যান্ডকে। রেলিগেশন অঞ্চলের ঠিক ওপরে রয়েছে রিডিং। ভিলা লিগের পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে অবস্থান করছে। উইগান ও সাউদাম্পটনের ম্যাচটি শ্বাসরুদ্ধকরভাবে ২-২ গোলে ড্র হয়েছে। উইগান রেলিগেশন অঞ্চলেই রয়েছে। সাউদাম্পটন রয়েছে ১৬তম স্থানে।
লিভারপুল থেকে ধারে খেলতে আসা স্ট্রাইকার অ্যান্ডি ক্যারোলের গোলে ওয়েস্টহ্যাম ১-০ ব্যবধানে হারায় সোয়ানসি সিটিকে। ক্যারোলের এটি মৌসুমের দ্বিতীয় গোল।
শবিবারের ফলাফল
কুইন্স পার্ক রেঞ্জার্স ০ নরউইচ সিটি ০
আর্সেনাল ১ স্টোকসিটি ০
এভারটন ৩ অ্যাস্টন ভিলা ৩
নিউ ক্যাসল ৩ চেলসি ২
রিডিং ২ সান্দারল্যান্ড ১
ওয়েস্টহ্যাম ১ সোয়ানসি সিটি ০
উইগান ২ সাউদাম্পটন ২
ফুলহ্যাম ০ ম্যানচেস্টার ইউনাইটেড ১