নাট্যকার-নির্মাতা ইশতিয়াকের ‘আপেলশাস্ত্র’
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৯
এমনিতে দীর্ঘদিন ধরে নিজের লেখালেখি নিয়ে গল্প প্রকাশের চেষ্টাই ছিল। কিন্তু গেল কয়েক বছর ধরে নির্মাণের নেশাই তাকে নাট্যকার হতে শিখিয়েছে। এরই মধ্যে দুটি এক ঘণ্টার নাটক করে ফেলেছেন। এর পাশাপাশি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন ইশতিয়াক। গেল সপ্তাহে শেষ করলেন শিমুল সরকারের পরিচালনায় ১০৪ পর্বের ধারাবাহিক নাটক ‘সাহস সঞ্চয় বুরো’র স্ক্রিপ্টের কাজ। এ ছাড়া নির্মাতা হিসেবে তৈরি করেছেন বেশ কটি মিউজিক ভিডিও। আগামী মাস থেকেই ইশতিয়াকের লেখা প্রথম মেগাসিরিয়ালের শুটিং শুরু হবে। তবে ইশতিয়াকের জন্য নতুন খবর হলো প্রতি বছর বই মেলাতে নিজের কাজের ধারাবাহিকতাতেই একটি করে বই প্রকাশ করেন। এবারে প্রথমবারের মতো লিখলেন উপন্যাস। ভাষাচিত্রের ব্যানারে এবারের বইমেলায় প্রকাশ পাচ্ছে তার প্রথম উপন্যাস ‘আপেলশাস্ত্র’। আগামীতে এই উপন্যাস নিয়ে টেলিফিল্ম তৈরিরও পরিকল্পনা চলছে। নিজের লেখালেখি ও নাটক নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘যেহেতু গল্প নিয়েই আমার কারবার। তাই নিজের ভাবনার গল্পগুলো একটু একটু করে সেলুলয়েডে বন্দী করার চেষ্টাতেই এই কাজটি করা। আর ‘আপেলশাস্ত্র’ আমার দীর্ঘদিনের লালন করা একটি উপন্যাস। গত একবছর ধরেই এই উপন্যাসের কাহিনী আমার মাথায় ঘুরছিল। অবশেষে এই মেলায় লেখাটি শেষ করলাম।’