বইমেলায় তারকাদের বই

প্রতিবছরই বইমেলায় একাধিক তারকার লেখা বিভিন্ন ধরনের বই প্রকাশ পায়। সেই ধারাবাহিকতায় এ বছরও তারকাদের বইয়ের সংখ্যা কম নয়। এবারের বইমেলায় মডেল তারকা বিদ্যা সিনহা মীম, সজল, তৌকির আহমেদসহ একাধিক তারকার বই বাজারে আসছে। বিদ্যা সিনহা মীমের এবার দ্বিতীয় বই আসছে। গেল বছর তার একটি কবিতার বই বাজারে আসে। নিজের বই প্রকাশ প্রসঙ্গে মীম বলেন, এটাকে আমার একান্ত নিজের আনন্দ মনে করেই লিখি। সারা বছর ধরে একটু একটু করে লিখে কবিতাগুলো জমাই। তবে গেল বছর বই প্রকাশের পর এতটা সাড়া পাবো আশা করিনি। খুবই ভাল লাগছে। তাই এবারে আরেকটু সিরিয়াস হয়ে লিখেছি। অন্যদিকে অভিনেতা সজলের প্রথম বই প্রকাশের কথা চলছে। এ প্রসঙ্গে সজল বলেন, প্রথমদিকে খানিকটা পিছপা দিয়েছিলাম। অতঃপর প্রকাশকের চাপেই লেখাটা শুরু করি। শেষ পর্যন্ত লেখাটি শেষ করতে পারিনি। তাই আগামী বইমেলায় নিজের বই নিয়ে আসবো বলে সিদ্ধান্ত নিয়েছি।