এ সরকারের আমলে আর পদ্মা সেতু হবে না : মওদুদ
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যত কিছুই করুক, এ সরকারের আমলে আর পদ্মা সেতু হবে না। কারণ তারা পদ্মা সেতু চায় না। তাদের মূল উদ্দেশ্য ছিল এই বিশাল প্রকল্প থেকে টাকা হাতিয়ে নেয়া। তিনি বলেন, দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেতেই সরকার বিশ্বব্যাংককে পত্র দিয়ে জানিয়েছে, সহায়তার প্রয়োজন নেই। এই সরকার লোক দেখানোর জন্য কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর একটি নামফলক উদ্বোধন করবে।
গত শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘রাজনৈতিক নির্যাতন-হয়রানি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন সভাপতি মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বীর বিক্রম, প্রফেসর ড. মনিরুজ্জামান মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জাহিদ হোসেন, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন চৌধুরী প্রমুখ।