কলাবাগান থানার মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ফখরুল

অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কলাবাগান থানায় করা মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের ডিভিশন বেঞ্চে আজ সোমবার এ আবেদনের উপর শুনানি হতে পারে। গত ৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের ডাকা রাজপথ অবরোধের কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়। এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুইটি মামলায় গত ১০ ডিসেম্বর ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। ওই দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ফখরুলকে পরদিন নতুন করে মতিঝিল ও সূত্রাপুর থানার দুইটি মামলায় গ্রেফতার দেখানো হয়। ১৫ জানুয়ারি গাড়ি ভাঙচুরের অভিযোগে সূত্রাপুর থানার মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান ফখরুল। তবে মতিঝিলের মামলায় হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করে। এরইমধ্যে ফখরুলকে কলাবাগান ও পল্টন থানার আরো দুইটি মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। এভাবে একটি মামলায় জামিন পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ফখরুল। ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট গত ২৮ জানুয়ারি যথাযথ আইনি প্রক্রিয়া ব্যতীত নতুন মামলায় ফখরুলকে গ্রেফতার না করতে সরকারকে নির্দেশ দেয়। এদিকে ৩১ জানুয়ারি পল্টন থানার মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত ফখরুলকে জামিন দেয়; কিন্তু পুলিশের কাজে বাধাদান, হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে কলাবাগান থানার মামলায় তার জামিন আবেদন খারিজ করে দেয় ওই আদালত। গতকাল রবিবার এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন মির্জা ফখরুলের পক্ষে এডভোকেট সগীর হোসেন লিওন। আবেদনটি শুনানির জন্য উত্থাপন করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ও এডভোকেট জয়নুল আবেদীন। আদালত আজ শুনানির জন্য দিন ধার্য করেন।