গাড়ি ভাংচুর মামলা

সাভারের সাবেক এমপিসহ ১৩ জন কারাগারে

দ্রুত বিচার আইনের একটি মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুসহ ১৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার দ্রুত বিচার হাকিম মো. নাজমুল হক শ্যামল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ধার্য তারিখ পর্যন্ত বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন মঞ্জুর করেন। গতকাল হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত আমান ও বাবুসহ ১৪ জন ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে এ আসামিরা হাইকোর্ট থেকে ১ মাসের জামিন নিয়েছিলেন। ঐ জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে গতকাল তারা এ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের রাজপথ অবরোধের সময় রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে সাভার থানায় মামলা করে পুলিশ।