রেলপথ বাদ দিয়ে পদ্মায় সেতু সরকারই তৈরি করতে পারবে

কোনো শর্ত পূরণ করে, অর্থ সাহায্য নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হবে না। পদ্মা সেতুর নকশা পরিবর্তন করে, রেললাইন তৈরি না করলে নির্মাণ ব্যয় অনেক কমে যাবে। সরকার নিজেই তখন সেতুটি নির্মাণ করতে পারবে। পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত বাস্তবসম্মত কি-না প্রশ্নের জবাবে শনিবার অনুষ্ঠিত ‘বিবিসি বাংলাদেশ’ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে অতিথি আলোচক ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম। সংলাপ সঞ্চালন করেন আকবর হোসেন। অনুষ্ঠানের শুরুতেই পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংক শর্ত জুড়ে দিয়েছিল যে, সেতু নির্মাণে দুর্নীতির মামলায় আবুল হোসেনকে আসামি করতে হবে; কিন্তু একজনের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে আসামি করতে হবে এমন কথা নেই। কোনো শর্ত পূরণ করে, অর্থ সাহায্য নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হবে না। পদ্মা সেতুর নকশা পরিবর্তন করে রেল লাইন তৈরি বাদ দিলে নির্মাণ ব্যয় অনেক কমে যাবে। সরকার নিজেই তখন সেতুটি নির্মাণ করতে পারবে। এ বিষয়ে মাহবুবুর রহমান বলেন, পদ্মা সেতুর অর্থায়নে বিশ্ব ব্যাংকের মুখ ফিরিয়ে নেয়া সত্যিই লজ্জাজনক। শুধু দুর্নীতির কারণেই এমনটি ঘটলো। জামায়াত-শিবিরের উপর পুলিশ হামলা চালাচ্ছে আবার তাদের নিবন্ধনও বাতিল না করে সরকার দ্বৈতনীতি অনুসরণ করছে-দর্শকের এমন বক্তব্যের প্রেক্ষিতে তাজমেরি এস এ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর অধিকার আছে সভা-সমাবেশের মতো কার্যক্রম পরিচালনা করার। তাদের উপর পুলিশি হামলা যুক্তিসংগত নয়। এভাবে সরকার দ্বৈতনীতিই দেখাচ্ছে। সম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার দাবিতে জামায়াতের ডাকা হরতালে বিএনপির সমর্থনের ব্যাপারে মাহবুবুর রহমান বলেন, বিএনপি ও জামায়াত এক নয়। বিএনপি চায় যুদ্ধাপরাধীদের বিচার হোক। তবে যেকোনো দলই তার গঠনতন্ত্র অনুযায়ী উদ্যোগ বা কার্যক্রম চালাতে পারে। শাজাহান খান বলেন, যুদ্ধাপরাধী হিসেবে যারা চিহ্নিত তাদের বিচার কোনোভাবেই বন্ধ করা যাবে না। বিএনপি গণতন্ত্রের নামে এ বিচার বানচাল করার চেষ্টা করছে। ‘ওয়াশিংটন টাইমসে’ লেখা নিবন্ধে বিএনপি চেয়ারপারসনের আহ্বানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কিনা এ প্রসঙ্গে ইকবাল সোবহান চৌধুরী বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে তিনি এভাবে মতামত প্রকাশ করতেই পারেন। তবে এভাবে তৃতীয় শক্তির হস্তক্ষেপ কামনা দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ।