ঘূর্ণিঝড় ফণী

সুন্দরবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা, ট্রলার ডুবিতে নিখোঁজ ১০

ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বন কর্মকর্তারা। এ অবস্থায় বঙ্গোপসাগর কূল ঘেঁষে অবস্থানরত বনবিভাগ, র্যাব ও কোস্টগার্ডের সদস্যদের ইতোমধ্যে নিরাপদ এলাকায় সরিয়ে আনা হয়েছে। পাশাপাশি বহু ফিশিং বোট দুবলারচরের মেহেরআলীর খাল, ভ্যাদাখালীর খাল, আলোরকোল, কঁচিখালী, নীলকমল (হিরণপয়েন্ট) প্রভৃতি স্থানে আশ্রয় নিয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ১নং ফেয়ারওয়ে বয়ার কাছে এফবি জামাল নামে একটি ফিশিং বোট ১০ জন জেলেসহ গতকাল ডুবে যায়। ১০ জেলেই নিখোঁজ রয়েছেন। সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (পূর্ব) মাহমুদুল হাসান ইত্তেফাককে জানান, গতকাল সন্ধ্যার আগেই কঁচিখালী ও কোকিলমনি বন অফিসের কর্মীদের সুপতি স্টেশনে নিয়ে আসা হয়েছে। কঁচিখালীতে কোস্টগার্ড ক্যাম্পের সদস্যদের দুইদিন আগেই সরিয়ে আনা হয়। দুবলারচরের মেহেরআলী খালের সাইক্লোন শেল্টারে অবস্থানরত র্যাব সদস্যদেরও গতকাল বিকালে সরিয়ে আনা হয়েছে। এদিকে অনেক ফিশিং বোট সুন্দরবনের মধ্যে আশ্রয় নিতে শুরু করেছে বলে দুবলা ফিশার মেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম জানান।

রাঙ্গাবালীতে নিখোঁজ ১২ জেলে উদ্ধার

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উত্তাল দক্ষিণ বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার একটি ট্রলারের নিখোঁজ ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের ডুবে যাওয়া ট্রলার মালিক জামাল সরদার এ তথ্য নিশ্চিত করেন।