লাকিপলের জোড়া গোলে আবাহনী শীর্ষে

নাইজেরিয়ান স্ট্রাইকার ওতপে লাকিপলের দুই গোলের সুবাদে পাওয়া জয়ে আবাহনী গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সন্ধ্যার ম্যাচে আবাহনী ২-০ গোলে হারায় আরামবাগকে। ১০ খেলায় আবাহনীর অর্জন ২৩ পয়েন্ট। এক পয়েন্ট ব্যবধানে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দিনের আগের খেলায় শেখ রাসেল ৪-৩ গোলে হারায় বিজেএমসিকে। আবাহনীর ফুটবলার নাইজেরিয়ান লাকিপল অনেক দিন ইনজুরিতে ছিলেন। প্রথম পর্বে এক ম্যাচ খেলে ইনজুরিতে পড়েন তিনি। দ্বিতীয় পর্বে ফিরেই তিনি জোড়া গোল করলেন ৪০ এবং ৫৩ মিনিটে। আরামবাগের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। কারণ দলটি রেলিগেশনের আশংকায় রয়েছে। আগের ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারিয়ে নিজেদের অবস্থান ভালোর দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু কালকের হার ও এর সাথে গোপালগঞ্জে ব্রাদার্সের ড্র আরামবাগকে পিছিয়ে দিল। ব্রাদার্স ১০ খেলায় ৮ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। অপরদিকে আরামবাগ ১০ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে থাকল। তিন পয়েন্ট নিয়ে সকার ক্লাবের স্থান নয় দলের মধ্যে নবম। আজ কোনো খেলা নেই। আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান এবং শেখ জামাল মুখোমুখি হবে।