বেইলি-স্টার্ক জেতালেন অস্ট্রেলিয়াকে

জর্জ বেইলির অভিষেক সেঞ্চুরি আর মিচেল স্টার্কের টানা দ্বিতীয় পাঁচ উইকেট শিকারের উপর ভর করে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫৪ রানে হারালো অস্ট্রেলিয়া। ফলে মাইকেল ক্লার্কের দল পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল। প্রথম ম্যাচে মাত্র ৭০ রানে অলআউট হওয়ার পরে গতকালের ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল ফিরে আসার লড়াই। টসে জিতে ফিল্ডিংয়ে নামার পরে তাদের শুরুটাও ছিল দারুণ। মাত্র ২৫ রানে দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে অধিনায়ক ড্যারেন স্যামির মুখে হাসি ফোটান দুই ফাস্ট বোলার কেমার রোচ এবং জ্যাসন হোল্ডার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকলে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৯৮/৬। তখন মনে হচ্ছিল আগের ম্যাচের মতই আরেকটি লো স্কোরিং ম্যাচই দেখতে যাচ্ছেন পার্থের দর্শকরা; এবার শিকার হতে পারে স্বাগতিকরাই। কিন্তু এর পরেই শুরু হয় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলির লড়াই। উইকেটের অপর প্রান্তে আর কোন স্বীকৃত ব্যাটসম্যানই ছিলেন না। বোলার জ্যাসন ফকনারকে সাথে নিয়ে বেইলি শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। অপর প্রান্তে তাকে যোগ্য সাহচর্য্যই দিতে থাকেন আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো ব্যাট করতে নামা ফকনার। শতরানের জুটি গড়ার পরপরই ব্যক্তিগত ৩৯ রানে স্যামির বলে ফকনার আউট হলে ক্রিজে বেইলির সঙ্গী হন মিচেল জনসন। অষ্টম উইকেটে ৬৪ রানের জুটিতে জনসনের অবদান ছিল মাত্র ১৬। শেষ পাঁচ ওভারে ৬৪ রান করা অসিরা ডোয়াইন ব্রাভোর করা শেষ ওভারেই তোলে ২৫ রান। ৬৯ রানে পঞ্চাশ ছোঁয়া বেইলি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২২ রানে। গত বছরের মার্চে ওয়ানডে অভিষেক হবার পর থেকেই দারুণ খেলতে থাকা বেইলি বেশ কয়েকবারই ফিরে গেছেন সেঞ্চুরির কাছ থেকে। দলের দারুণ প্রয়োজনীয় মুহূর্তে দশটি চার আর চারটি ছয়ে ১১০ বলের এই ইনিংসে কালই প্রথম এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। তার সেঞ্চুরিতে শেষপর্যন্ত অসিদের স্কোর দাঁড়ায় সাত উইকেটে ২৬৬। জবাবে ব্যাটিংয়ে নেমেই উইন্ডিজ হারায় ওপেনার ক্রিস গেইলের উইকেট। আগের ম্যাচেই পাঁচ উইকেট পাওয়া পেসার মিচেল স্টার্ক দ্রুতই প্রথম চারটি উইকেট তুলে নিলে শুরুতেই পথ হারায় স্যামির দল। আরেক ওপেনার কিরণ পাওয়েল এক প্রান্ত আগলে থাকলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ইনিংস সর্বোচ্চ ৮৩ রান করে পাওয়েল আউট হবার পরে আর খুব বেশী এগোয়নি উইন্ডিসের ইনিংস। শেষদিকে সুনীল নারিণের মাত্র ছয় বলে করা ২৪ রানের ইনিংসে ২০০ পেরোনোর পরে তারা থেমে যায় ২১২ রানে। ৩২ রানের বিনিময়ে স্টার্ক নেন ৫ উইকেট আর গ্লেন ম্যাক্সওয়েল নেন চারটি। সিরিজের পরের ম্যাচ আগামী ৬ ফেব্রুয়ারি ক্যানবেরাতে অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া ব্যাটিং:২৬৬/৭। বেইলি ১২২, ফকনার ৩৯, হিউজ ২১ ওয়েস্ট ইন্ডিজ বোলিং: স্যামি ৩/৪৮। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং: ২১২/১০। পাওয়েল ৮৩, ব্রাভো ৪৫ অস্ট্রেলিয়া বোলিং:স্টার্ক ৫/৩২, ম্যাক্সওয়েল ৪/৬৩